কুয়াশায় সাড়ে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গত শুক্রবার মধ্যরাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত দুই দফায় সাড়ে তিন ঘণ্টার মতো ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় মাঝনদীতে যান ও যাত্রীবোঝাই সাতটি ফেরি আটকা পড়ে। এতে দুর্ভোগের শিকার হন এসব ফেরির যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাত থেকে ঘন কুয়াশা পড়তে থাকায় ফেরি, লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচল ব্যাহত হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রাও বাড়তে থাকে। একপর্যায়ে রাত সোয়া একটা থেকে অতিমাত্রায় কুয়াশা পড়তে থাকলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি ভাষাসৈনিক ডা. গোলাম মওলা, শাহ মখদুম, শাহজালাল, এনায়েতপুরী, কে-টাইপ ফেরি কপোতি, ইউটিলিটি ফেরি বনলতা ও শাপলা শালুক মাঝনদীতে আটকা পড়ে। এ সময় ফেরিগুলোতে অন্তত ৩০টি যাত্রীবাহী বাস, ১৫টি পণ্যবাহী ট্রাক ও ১৫টি ছোট গাড়ি ছিল। তীব্র শীতে এসব ফেরির যানবাহনের প্রায় দেড় হাজার যাত্রী ও চালকেরা দুর্ভোগের শিকার হন। ভোর পৌনে চারটার দিকে কুয়াশা কমতে থাকলে ফেরি ছাড়তে শুরু করে। আবার সকাল সাতটার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল আটটার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ সময় নদী পাড়ি দিতে না পারায় উভয় ঘাটে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। দুর্ভোগে পড়েন দুই পাশের সড়কে আটকে থাকা যানবাহনের যাত্রীরাও।
এ ব্যাপারে জানতে চাইলে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শুক্রবার মধ্যরাত থেকে গতকাল সকাল পর্যন্ত দুই দফায় সাড়ে তিন ঘণ্টার মতো ফেরিসহ নৌযান চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে কিছু যানবাহন আটকা পড়ে। তবে বেশি দুর্ভোগের শিকার হন মাঝনদীতে আটকে থাকা ফেরির যাত্রীরা।