মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে গত শনিবার দিবাগত রাত তিনটা থেকে সাড়ে পাঁচ ঘণ্টা সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল।
এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে আসা পাঁচটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। উভয় ঘাটে আটকা পড়ে সাত শতাধিক যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, কুয়াশার কারণে শনিবার মধ্যরাত থেকে এ পথে নৌযান চলাচল ব্যাহত হয়। ঘন কুয়াশার কারণে রাত তিনটা থেকে এ পথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে আসা ভাষাসৈনিক ডা. গোলাম মওলা, এনায়েতপুরী, শাহ মখদুম, মাধবীলতা ও চন্দ্রমল্লিকা ফেরিগুলো যানবাহন নিয়ে মাঝনদীতে আটকা পড়ে।
ফেরিগুলোতে অন্তত ২৫টি যাত্রীবাহী বাস, ১৫টি ট্রাক ও প্রায় ২০টি ব্যক্তিগত গাড়ি ছিল।
এ ছাড়া দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই করে নোঙর করে ছিল ছয়টি ফেরি। পাটুরিয়া ঘাটে নোঙর করে ছিল বাকি পাঁচটি ফেরি। সকাল সাড়ে আটটার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার মতো যানবাহন পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে গাড়ির লম্বা লাইন তৈরি হয়। এর মধ্যে বেশির ভাগই ছিল যাত্রীবোঝাই নৈশ কোচ।