রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আবারও সাড়ে পাঁচ ঘণ্টার মতো ফেরি, লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে আটকা পড়ে যানবাহনবোঝাই চারটি ফেরি। নৌযান বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়ে কয়েক শ গাড়ি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, গত বুধবার দিবাগত মধ্যরাত থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়ায় নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। রাত বাড়ার সঙ্গে কুয়াশা বাড়তে থাকলে গতকাল বৃহস্পতিবার ভোররাত সাড়ে চারটার দিকে সামান্য দূরের কিছুই দেখতে না পেয়ে মাস্টাররা ফেরি চালানো বন্ধ করে দেন। এর আগে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো ফেরি খানজাহান আলী, এনায়েতপুরী, ইউটিলিটি শাপলা শালুক এবং বনলতা নামের চারটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। ফেরিতে ৩০টির মতো যাত্রীবাহী বাস, পণ্যবাহী গাড়িসহ ব্যক্তিগত গাড়ি ছিল। নদীতে আটকে যাওয়ার সংবাদ পেয়ে উভয় ঘাট থেকে ফেরি ছাড়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যানবাহন পারাপার বন্ধ হওয়ায় দুই ঘাটে আটকা পড়ে শত শত গাড়ি। সকাল সোয়া ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
গতকাল দুপুর ১২টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, ফেরিঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ক্যানাল ঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কজুড়ে কোথাও তিন সারি, আবার কোথাও চার সারিতে গাড়ি আটকে রয়েছে। গাড়ির চাপে আসা-যাওয়ার রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ঘাট থেকে প্রায় চার কিলোমিটার দূরেই অনেক যাত্রীবাহী বাস বাধ্য হয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছে।