কুয়াশায় সাড়ে ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফের ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত প্রায় সাড়ে ১১ ঘণ্টা ফেরি, লঞ্চসহ নৌযান চলাচল বন্ধ ছিল।
পাটুরিয়া ঘাটেও আটকা পড়ে বেশ কিছু যানবাহন। কনকনে ঠান্ডা ও কুয়াশায় আটকা পড়া কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়।
গতকাল সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, ঘাট থেকে গোয়ালন্দ বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে যানবাহন আটকে আছে। ঘাট থেকে ক্যানাল ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার বাস, ট্রাকসহ পণ্যবাহী যানবাহনের তিনটি সারি এবং চার লেন সড়কের শুরু পর্যন্ত দুটি সারি রয়েছে। এর পর থেকে গোয়ালন্দ বাজার পর্যন্ত এক সারিতে যানবাহন আটকে আছে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কুয়াশার কারণে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাড়ে আট ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার রাত ১০টা থেকে গতকাল সকাল সাড়ে নয়টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট ছেড়ে যাওয়া চারটি বড় ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কুয়াশা কমে এলে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, কুয়াশায় দীর্ঘ সময় নৌযান চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়ায় কয়েক শ গাড়ি আটকে পড়ায় ১০টি ফেরি দিয়ে সেগুলো পারাপার করা হচ্ছে।