কুয়াশায় সাড়ে ৫ ঘণ্টা নৌযান বন্ধ, ৫ ফেরি আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নৌযান চলাচল বন্ধ। যানবাহন নিয়ে ঘাটে নোঙর করে আছে ফেরি। ছবি: রাশেদুল হক
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নৌযান চলাচল বন্ধ। যানবাহন নিয়ে ঘাটে নোঙর করে আছে ফেরি। ছবি: রাশেদুল হক

ঘন কুয়াশায় মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে গতকাল শনিবার দিবাগত রাত তিনটা থেকে আজ রোববার সকাল সাড়ে আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এর আগে দুই ঘাট থেকে ছেড়ে আসা পাঁচটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। দুই ঘাটে আটকে আছে প্রায় ৭০০ যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, গতকাল গভীর রাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কুয়াশায় নৌযান চলাচলে বাধা পড়ে। রাত তিনটা থেকে আরও বেশি কুয়াশা পড়তে শুরু করে। এতে কর্তৃপক্ষ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়।

এর আগে দুই ঘাট থেকে ছেড়ে আসা ভাষাসৈনিক ডা. গোলাম মওলা, এনায়েতপুরী, শাহমখদুম, মাধবীলতা ও চন্দ্রমল্লিকা নামে পাঁচটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়ায় ছয়টি ও বাকি পাঁচটি ফেরি পাটুরিয়া ঘাটে নোঙর করে আছে। ফেরি পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়ায় প্রায় ৩০০ ও পাটুরিয়ায় অন্তত ৪০০ বিভিন্ন ধরনের যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে।