কুয়েটে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত
চারদিকে হালকা কুয়াশা। সকাল ১০টা বেজে ৪০ মিনিট। মাইকে বেজে উঠল জাতীয় সংগীত। এরপর শোনা যায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কণ্ঠস্বর। গতকাল শনিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে অতিথি ও গ্র্যাজুয়েটরা ক্যাম্পাসে আসন গ্রহণ করেন।বেলা ১১টায় পুরকৌশল অনুষদের ডিন মো. বজলার রহমান, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল অনুষদের ডিন আশরাফুল গণি ভূইয়া ও যন্ত্রকৌশল অনুষদের ডিন এ এন এম মিজানুর রহমান শিক্ষামন্ত্রীর কাছে নিজ নিজ অনুষদের ডিগ্রি গ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থাপন করেন। স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ আলমগীর বলেন, ১৯৭৪ সালে যাত্রা শুরু হওয়া এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কুয়েট হতে সফলভাবে শিক্ষা সমাপ্ত করে বহু প্রকৌশলী জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তাঁরা সুনামের সঙ্গে অবদান রেখে চলেছেন। ৩৮ বছর ধরে শিক্ষা কার্যক্রমের সুষ্ঠু ও স্বাভাবিক ধারা অক্ষুণ্ন রাখার এক অনন্য গৌরব অর্জন করেছে এই প্রতিষ্ঠান।দ্বিতীয় সমাবর্তনে মোট দুই হাজার ৫৫৫ জন গ্র্যাজুয়েটকে সনদ দেওয়া হয়। এর মধ্যে দুই হাজার ৪৪১ জনকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, ৬৯ জনকে এমএসসি ইঞ্জিনিয়ারিং, ৩৯ জনকে এমফিল এবং ছয়জনকে পিএইচডি সনদ দেওয়া হয়। পাশাপাশি স্নাতক পর্যায়ে ভালো ফলাফলের ভিত্তিতে ‘বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক’ দেওয়া হয় ২৬ জন কৃতী গ্র্যাজুয়েটকে।