কুয়েটের ঘটনায় তদন্ত কমিটি মামলা প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদের ওপর হামলা এবং এর প্রতিক্রিয়ায় ছাত্রবিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা তদন্তে কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতিসহ চার শিক্ষকের বিরুদ্ধে করা ছাত্রলীগের নেতার মামলা প্রত্যাহার ও ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। সাধারণ ছাত্রদের ওপর ছাত্রলীগের হামলা ও মামলা করার প্রতিবাদে গতকাল বুধবার খুলনায় সংবাদ সম্মেলন করেছে বিএনপি।সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের বার্ষিক ভোজে নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদ করায় ছাত্রলীগের নেতা-কর্মীরা গত সোমবার দুপুরে সাধারণ ছাত্রদের বেধড়ক মারধর ও কুপিয়ে জখম করে। এর প্রতিবাদে উত্তেজিত ছাত্ররা ওই দিন উপাচার্যের বাসভবন ও প্রশাসনিক ভবনের কাচ ভাঙচুর করেন। কর্তৃপক্ষ পরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। এ ঘটনায় উল্টো শিক্ষক সমিতির সভাপতি গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ আরিফ হোসেনসহ চার শিক্ষক, ছাত্রলীগের হামলায় আহত চার ছাত্রসহ ৬০ জনকে আসামি করে মামলা করেন অমর একুশে হলের ছাত্রলীগের নেতা এস এম জুবায়ের সিরাজ। গত মঙ্গলবার রাতে শিক্ষক সমিতির সহসভাপতি মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে জরুরি বৈঠক করেন শিক্ষকেরা। শিক্ষকনেতা মাসুদ প্রথম আলোকে বলেন, ওই সভা থেকে অবিলম্বে শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, কুয়েট ক্যাম্পাসে শিক্ষক ও ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা এবং হামলাকারী নামধারী ছাত্রদের বহিষ্কারের দাবি জানানো হয়েছে। এদিকে ছাত্রলীগের নেতার করা মামলার প্রধান আসামি কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আরিফ প্রথম আলোকে বলেন, ‘আমি কখনো কোনো রাজনৈতিক দল করিনি। শিক্ষক সমিতির সভাপতি হওয়ার পর থেকে সাধারণ শিক্ষকেরা উপাচার্যের অগ্রহণযোগ্য কাজের বিরুদ্ধে আমাকে দিয়ে কথা বলিয়েছেন। এতে উপাচার্যের অনুগত ব্যক্তিরা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। সোমবার অমর একুশে হলের ঘটনায় আমি কোনোভাবেই জড়িত নই এবং ঘটনাস্থলেও ছিলাম না।’শিক্ষকনেতা তাঁর হাত-পা, মুখ ও কোমরে কাটা-ছোলা আঘাতের চিহ্ন দেখিয়ে বলেন, গত সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় প্রধান ফটকের সামনে বহিরাগত সন্ত্রাসীরা আমাকে চড়, কিল, ঘুষি মারতে মারতে মাটিতে ফেলে দেয় এবং পা দিয়ে পাড়াতে পাড়াতে ইট দিয়েও আঘাত করে। এখন উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হলো।তদন্ত কমিটি: কুয়েটের জনসংযোগ কর্মকর্তা আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ১ জানুয়ারি রাতে অমর একুশে হলে অপ্রীতিকর ঘটনা, ২ জানুয়ারি দুপুরে অমর একুশে হল, প্রশাসন ভবন ও উপাচার্যের বাসভবনে ভাঙচুরসহ যাবতীয় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও চিহ্নিত করতে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে পুরকৌশল বিভাগের অধ্যাপক কেরামত আলীকে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর জড়িত ব্যক্তিদের বিচার এবং যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয় চালুর ব্যবস্থা নেওয়া হবে। অধ্যাপক আরিফের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপাচার্য কোনো মন্তব্য করতে রাজি হননি।বিএনপির সংবাদ সম্মেলন: গতকাল বেলা ১১টার দিকে খুলনা মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, কুয়েটে ঘটে যাওয়া শাসক দলের সন্ত্রাসী হামলা, মিথ্যা মামলা দায়ের ও শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।মনিরুজ্জামান বলেন, কুয়েটসহ খুলনার বিভিন্ন কলেজে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত আছে। সোমবারের ঘটনায় ছাত্রলীগের এক নেতা যে মামলা করেছেন তাতে আসামি হিসেবে ছাত্রদলের নেতা-কর্মীদের নামও রয়েছে। তবে ছাত্রদলের ওই নেতা-কর্মীদের নাম বলেননি তিনি।