কুয়েত ও সৌদিতে বিমানের উড়োজাহাজে ত্রুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি উড়োজাহাজ দুই দেশে উড্ডয়নের সময় কারিগরি ত্রুটির মুখে পড়েছে। এর মধ্যে একটি উড়োজাহাজ কুয়েতে আটকা পড়েছে। আর অন্যটি ত্রুটি নিয়েই সৌদি আরবের জেদ্দা থেকে গতকাল শুক্রবার বিকেলে ঢাকায় অবতরণ করতে সক্ষম হয়েছে। উড়োজাহাজ দুটির চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গতকাল সকালে কুয়েত থেকে ফ্লাইট নিয়ে বিমানের একটি এয়ারবাস উড্ডয়নের সময় যাত্রীদের মাল রাখার জায়গার একটি পাটাতন খুলে যায়। বৈমানিক সঙ্গে সঙ্গে এয়ারবাসটি রানওয়ের মাঝামাঝি থামাতে গেলে তিনটি চাকা ক্ষতিগ্রস্ত হয়। ফলে সেটি আর উড়তে পারেনি। গতকাল বিকেলে বিমানের একটি সূত্র জানায়, উড়োজাহাজটির চাকা পাল্টানোর কাজ চলছে। কুয়েতের সময় মধ্যরাতের মধ্যে এ কাজ সম্পন্ন হবে এবং আজ শনিবার সকালের মধ্যে এয়ারবাসটি ঢাকায় পৌঁছাবে।অন্যদিকে জেদ্দা থেকে ফ্লাইট নিয়ে উড্ডয়নের সময় বিমানের অন্য একটি উড়োজাহাজ (বোয়িং-৭৪৭) কারিগরি ত্রুটির মুখে পড়ে। এটিরও দুটি চাকা ক্ষতিগ্রস্ত হয়।জেদ্দার একটি সূত্র জানায়, উড়োজাহাজটি উড্ডয়নের পর রানওয়েতে ক্ষতিগ্রস্ত চাকার অংশবিশেষ পড়ে থাকে, যা জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত সংশ্লিষ্টদের অবহিত করে।অবশ্য গতকাল বিকেলে উড়োজাহাজটি যাত্রী নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এ জন্য বিমানবন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। ঢাকায় বিমান কর্তৃপক্ষের দাবি, জেদ্দা বিমানবন্দরের রানওয়েতে চাকার যে অংশবিশেষ পাওয়া গেছে, তা বাংলাদেশ বিমানের নয়। সেটি অন্য কোনো উড়োজাহাজের। তবে কর্তৃপক্ষ স্বীকার করেছে, জেদ্দা থেকে আসা ওই উড়োজাহাজে কারিগরি ত্রুটি ছিল এবং অবতরণের সময় বিশেষ ব্যবস্থা নিতে হয়েছিল।যুক্ত হচ্ছে আরও তিনটি বোয়িং: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে আরও তিনটি উড়োজাহাজ যুক্ত হচ্ছে। এর মধ্যে দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর (এক্সটেন্ডেন্ট রেঞ্জ) ও একটি বোয়িং ৭৭৭-২০০। বোয়িং তিনটি ভাড়ায় আনার ব্যাপারে বিমানের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার রাতে বিমানের প্রধান কার্যালয় বলাকায় এই সভা হয়।বিমানের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, মাস দুয়েকের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে উড়োজাহাজ তিনটি ঢাকায় এসে পৌঁছাবে। এগুলো বহরে যুক্ত হলে বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে। এই তিনটি বোয়িং যুক্ত হলে বিমানবহরে মোট উড়োজাহাজের সংখ্যা হবে ১৬টি। বর্তমানে বিমানবহরে ১৩টি উড়োজাহাজ আছে। এর মধ্যে চারটি ডিসি-১০, একটি বোয়িং ৭৭৭, দুটি বোয়িং ৭৩৭, দুটি এফ-২৮, একটি বোয়িং ৭৪৭, তিনটি এয়ারবাস এ-৩১০।