কুয়েত থেকে ৬০ লাখ টাকা চুরি করে দেশে আত্মগোপন!
৬০ লাখ টাকার মালামাল চুরি করে পালিয়ে আসার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছে কুয়েত।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আবদুল আলী নামের ওই অভিযুক্ত ব্যক্তির বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। তিনি কুয়েতে আবদুল আহাদ নামের আরেক বাংলাদেশির দোকানে কাজ করতেন। গত ৯ ডিসেম্বর তিনি দেশে আসেন। এর পরই আবদুল আহাদ কুয়েতের একটি থানায় আবদুল আলীর বিরুদ্ধে ৬০ লাখ টাকার মালামাল চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগে মামলা করেন।কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুসন্ধান বিভাগের পরিচালক ইউসুফ আবদুল্লাহ আল সৌদি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ সদর দপ্তর ফৌজদারি কার্যবিধির ১৮৮ ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে চিঠি দিয়েছেন।গত ২ ফেব্রুয়ারি মৌলভীবাজারের পুলিশ সুপার হারুন অর রশিদ পুলিশ সদর দপ্তরে পাঠানো প্রতিবেদনে জানান, ‘প্রাথমিক অনুসন্ধানে চুরির ঘটনা সত্য বলে প্রমাণিত হয়েছে।’এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো আবেদনে আবদুল আহাদ বলেছেন, প্রবাসে বাংলাদেশিদের এ ধরনের কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই এর বিচার হওয়া প্রয়োজন।আসামিকে গ্রেপ্তার করে টাকা উদ্ধারের জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানান।মৌলভীবাজারের পুলিশ সুপার তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা আবদুল আলীর আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে চুরির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি। কিন্তু প্রকৃত ঘটনা জানতে হলে কুয়েতেই বিষয়টির অনুসন্ধান করতে হবে।’বিবাদী আবদুল আলী দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা ও সাজানো। তিনি আবদুল আহাদের দোকানে কাজ করতেন না বরং দোকানের অংশীদার ছিলেন। আবদুল আলীর অভিযোগ, কুয়েত থেকে ছুটিতে দেশে ফেরার পর সেই দোকান বিক্রি করে আবদুল আহাদ তাঁর নামে কুয়েতে মামলা করেছেন। মামলার ভয়ে বিদেশে না যেতে পেরে তিনি মানবেতর জীবন যাপন করছেন।