কুয়েতপ্রবাসী খুন কেরানীগঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের বলসতা গ্রামে মোহাম্মদ জুয়েল (৪০) নামের এক কুয়েতপ্রবাসী খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার গ্রামের একটি খেত থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য জুয়েলের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জুয়েলের স্ত্রী রুমা বেগম জানান, তাঁর স্বামী পাঁচ বছর ধরে কুয়েতে থাকেন। মেয়ে নিশু আক্তার (৮) ও ছেলে মেহেদী হাসানকে (৫) নিয়ে তিনি শ্বশুরবাড়িতে থাকেন। ১২ দিন আগে তাঁর প্রবাসী স্বামী দেশে আসেন। রোববার বিকেলে তিনি বেড়ানোর কথা বলে বলসতা গ্রামে তাঁদের পুরোনো বাড়িতে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ ছিল না। পরদিন সকালে তিনি এলাকাবাসীর মুখে শুনতে পান, তাঁর স্বামীর মৃতদেহ বলসতা গ্রামের একটি খেতে পড়ে আছে। তিনি বলেন, কেন তিনি খুন হলেন, তাঁর কিছুই তিনি বুঝতে পারছেন না।
জুয়েলের মা আলিফা বেগম বলেন, এলাকার যুবক শাহিন তার ছেলেকে খুন করেছে। যেদিন জুয়েল নিখোঁজ হন, সেদিন বিকেলে শাহিনকে গ্রামে ঘোরাফেরা করতে দেখা গেছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদাউস হোসেন বলেন, খুনের কারণ এখনো তাঁরা জানতে পারেননি। জুয়েলের বাবা জুম্মন মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেছেন।