কুয়েতের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য আবার বন্ধ হয়েছে, এমন খবর নাকচ করে দিয়েছে দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের কর্মকর্তারা বলছেন, এমন কোনো ঘোষণা আসেনি। তবে কুয়েতে গৃহ খাতের কর্মী যেতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিতে হবে।
কুয়েতের দৈনিক আল-আনবা পত্রিকায় গতকাল বুধবার প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, কুয়েতের শ্রমবাজার আবার বাংলাদেশিদের জন্য বন্ধ হয়েছে। সোমবার এ সিদ্ধান্ত নেয় কুয়েতের নাগরিকত্ব ও পাসপোর্ট বিভাগের সহকারী আন্ডার সেক্রেটারি শেখ মাজেন আল জারাহ। এতে বলা হয়, গত সপ্তাহের শেষ দিকে দেশটিতে বাংলাদেশিদের সংখ্যা দাঁড়ায় দুই লাখে। ফলে বাংলাদেশিদের আর নেওয়া হবে না। তবে ভবিষ্যতে বিষয়টি পুনর্বিবেচনা অথবা কঠিন কিছু শর্তে বাংলাদেশিদের জন্য আবার শ্রমবাজার খুলে দেওয়া হবে কি না, সে সম্পর্কে কিছু বলেননি তিনি।
এ বিষয়ে জানতে গতকাল রাতে যোগাযোগ করা হলে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) আবদুল লতিফ খান প্রথম আলোকে বলেন, কুয়েতের শ্রমবাজার বাংলাদেশের জন্য বন্ধ হয়নি। গণমাধ্যমে খবর প্রকাশের পর আমরা দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি হলো, আগে কুয়েতে গৃহ খাতে কর্মী যেতে হলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগত। মাস ছয়েক আগে এই নিয়ম স্থগিত করা হয়। এখন আবার এই নিয়ম কার্যকর হলো। কিন্তু এর সঙ্গে অন্য কোনো খাতের সম্পর্ক নেই। অন্য সব খাতে স্বাভাবিকভাবেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে কর্মী আসছে।