কুয়েতে তিন বাংলাদেশির ফাঁসি হতে পারে যেকোনো সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতপ্রবাসী ঢাকার দোহার উপজেলার মো. ফজল নামের একজন যুবককে হত্যার দায়ে তিনজন বাংলাদেশি নাগরিককে ফাঁসির আদেশ দিয়েছেন কুয়েতের একটি আদালত। তাঁদের প্রাণ রক্ষায় স্বজনেরা নিহত ফজলের পরিবারের কাছে আবেদন করেছিলেন। তবে তাতে সাড়া মেলেনি। এদিকে দণ্ডাদেশ কার্যকরের সঠিক দিনক্ষণ এখনো জানা যায়নি। এ অবস্থায় ওই তিনজন বাংলাদেশিকে যেকোনো সময় মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলে আশঙ্কায় রয়েছে তাঁদের পরিবার।পারিবারিক সূত্রে জানা যায়, দোহার উপজেলার অরাঙ্গাবাদ গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে মো. ফজল ২০০৭ সালে কুয়েতে বাংলাদেশি সহকর্মীদের হাতে নিহত হন। এ ঘটনায় করা মামলায় বিচার শেষে তিনজন বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: কুয়েতপ্রবাসী জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চড়ভবপুর গ্রামের খুলু শেখের ছেলে আবদুল আলিম, মাগুরা সদর উপজেলার বাগবাড়ে গ্রামের লতিফুর রহমানের ছেলে তবিদুর বিশ্বাস ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ধরাভাংগা গ্রামের ফাজু মিয়ার ছেলে মো. মকবুল। দোহার উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানিবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আসা একটি চিঠির মাধ্যমে কুয়েতে ওই তিনজন বাংলাদেশির মৃত্যুদণ্ডাদেশের বিষয়টি জানা যায়। এরপর নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ ও স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অরাঙ্গাবাদ এলাকার নির্মল রঞ্জন গুহর মাধ্যমে দণ্ডাদেশপ্রাপ্তদের স্বজনেরা ফজলের পরিবারের কাছে ক্ষমা চান। কিন্তু এতে কোনো সাড়া মেলেনি। সর্বশেষ গত রোববার উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালানো হয়। নিহতের স্বজনেরা সমঝোতা প্রস্তাব পুরোপুরি প্রত্যাখ্যান করেন। দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ দত্ত বলেন, ‘মন্ত্রণালয়ের আদেশানুযায়ী নিহতের পরিবারবর্গের কাছে গিয়েছিলাম। তবে নিহত ফজলের পিতা-মাতা দোষী ব্যক্তিদের ক্ষমা করেনি।’ এদিকে কবে তাঁদের দণ্ডাদেশ কার্যকর করা হবে, তা এখন পর্যন্ত জানা যায়নি। এমনকি মন্ত্রণালয়ের ওই চিঠিতেও এ বিষয়ে স্পষ্ট কোনো কিছু বলা হয়নি। ফলে যেকোনো মুহূর্তে কুয়েত সরকার ওই তিনজন বাংলাদেশির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করতে পারে বলে আশঙ্কা করছে তাঁদের পরিবার।