কুয়েতের প্রধানমন্ত্রী আসছেন ৩ মে
কুয়েতের প্রধানমন্ত্রী জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহ তিন দিনের সফরে ৩ মে ঢাকায় আসছেন। এ সফরের সময় কুয়েত থেকে জ্বালানি তেল আমদানি, শ্রমবাজার সম্প্রসারণ এবং বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।
কুয়েতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর উপলক্ষে গতকাল বুধবার পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে তাঁর দপ্তরে আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় দুই দেশের প্রধানমন্ত্রীদের বৈঠকের পর কয়েকটি চুক্তি সইয়ের বিষয়ে মত দেওয়া হয়।
ঢাকা সফরের সময় কুয়েতের প্রধানমন্ত্রী ৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠক করবেন। তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন।
কুয়েত থেকে জ্বালানি তেল আমদানি প্রসঙ্গে এক কর্মকর্তা বলেন, কুয়েতের প্রধানমন্ত্রীর সফরের সময় তেল আমদানির ক্ষেত্রে অর্থ পরিশোধের সময়সীমা শিথিলের বিষয়েও আলোচনা হবে। এ ছাড়া কুয়েতে কয়েক লাখ বাংলাদেশি কর্মরত আছে। এই শ্রমবাজার আরও সম্প্রসারণের সুযোগ আছে কি না সেটি নিয়েও আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, কুয়েতের প্রধানমন্ত্রী এশিয়ার কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে সফরের শুরুতে ঢাকায় আসছেন।