কুয়েতের শ্রমবাজার পুরোদমে চালুর আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ
শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ

বাংলাদেশের অন্যতম শ্রমবাজার ছিল কুয়েত। কিন্তু মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ছয় বছর ধরে বাংলাদেশি জনশক্তি রপ্তানি প্রায় বন্ধ ছিল। দেশটির প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহর এবারের ঢাকা সফরের পর পুরোদমে কুয়েতের শ্রমবাজার চালু হবে বলে আশা প্রকাশ করছেন এই খাতের সঙ্গে জড়িত ব্যক্তিরা। কেবল সাধারণ শ্রমিক নয়, চিকিৎসক-প্রকৌশলীসহ অনেক দক্ষ পেশাজীবীরও কর্মসংস্থানের আশা করছে দেশটি।
তিন দিনের সফরে আজ মঙ্গলবার বিকেলে কুয়েতের প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগ গতকাল এই তথ্য জানিয়ে বলেছে, কুয়েত ও বাংলাদেশের মধ্যে জনশক্তি রপ্তানি সম্প্রসারণ এই সফরে গুরুত্ব পাবে।
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতি আবুল বাসার গতকাল প্রথম আলোকে বলেন, ‘যে কয়েকটি দেশের মাধ্যমে বাংলাদেশের জনশক্তি রপ্তানির যাত্রা শুরু হয়েছিল, কুয়েত তার একটি। কিন্তু ২০০৭ সালের শেষে দেশটি বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয়। ২০১৪ সালের শেষ দিকে আবারও কর্মী যাওয়া শুরু হয়েছে। তবে আমরা আশা করছি, দেশটির প্রধানমন্ত্রীর সফরের পর এই বাজারে কর্মী যাওয়া অনেক বেশি বাড়বে।’

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ১৯৭৬ থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত ৫ লাখ ৫ হাজার ৪৭ জন বাংলাদেশি গেছেন দেশটিতে। এর মধ্যে ১৯৭৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত গড়ে প্রতিবছর ১০ হাজার লোক কুয়েতে গেছেন। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধে কুয়েতের পক্ষে অবস্থানের কারণে দেশটিতে বাংলাদেশের সুনাম বেড়ে যায়। এরপর ১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত গড়ে ২৫ হাজার লোক দেশটিতে গেছেন। ২০০১ সালের পর তা ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং প্রতিবছর ৩০ থেকে ৪০ হাজার লোক কুয়েতে যেতে থাকেন। কিন্তু ২০০৭ সালের শেষে বাজারটি বন্ধ হয়ে যায়। এরপর ২০০৮ সালে মাত্র ৩১৯ জন, ২০১০ সালে ৪৮ জন, ২০১১ সালে ২৯ জন, ২০১২ সালে মাত্র ২ জন ও ২০১৩ সালে ৬ জন কর্মী যান দেশটিতে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েত সফর করে দেশটির আমিরকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানান। কিন্তু এরপরও বাজার চালু করেনি দেশটি। তবে ২০১৪ সালের শেষ দিক থেকে আবারও কর্মী যাওয়া শুরু করেন। গত বছর ১৭ হাজার ৪৭২ জন কর্মী গেছেন দেশটিতে।
জনশক্তি রপ্তানিকারকেরা বলছেন, ২০০৫ সালেও ৪৭ হাজার কর্মী গেছেন দেশটিতে। বাজার পুরোপুরি চালু হলে বছরে ৫০ হাজারেরও বেশি কর্মীর কর্মসংস্থান হতে পারে সেখানে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা প্রথম আলোকে বলেন, ‘আমি একসময় কুয়েতের শ্রম কর্মকর্তা ছিলাম। নির্মাণ, সেবা, কৃষিসহ সব ক্ষেত্রে বাংলাদেশিরা দেশটিতে অবদান রাখছে। এই সফরে কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীও অংশ নেবেন। আমরা আশা করছি, কুয়েতের প্রধানমন্ত্রীর এই সফরের পরই বাজারটি পুরোদমে চালু হবে। শুধু সাধারণ শ্রমিক নয়; অনেক চিকিৎসক, প্রকৌশলী ও দক্ষ পেশাজীবীরাও দেশটিতে যেতে পারবেন।’