কুয়েতের সঙ্গে সেনাবাহিনীর দুটি চুক্তি সই
কুয়েতের সশস্ত্র বাহিনীর সহকারী প্রধান (অ্যাসিস্টেন্ট চিফ অব আর্মি স্টাফ) মেজর জেনারেল রশিদ গাজী আল-মিশান গতকাল সোমবার ঢাকা সেনানিবাসের সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময়সহ পেশাগত বিষয়ে মতবিনিময় করেন।পরে সেনাসদর সম্মেলন কক্ষে অপারেশন কুয়েত পুনর্গঠন (ওকেপি) এবং স্কিলড টেকনিক্যাল ম্যানপাওয়ার ইন কুয়েত (এসটিএমকে) বিষয়ে দুটি চুক্তি সই হয়। বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল এ টি এম শহীদুল ইসলাম এবং কুয়েত সেনাবাহিনীর মেজর জেনারেল রশিদ গাজী আল-মিশান নিজ নিজ সরকারের পক্ষে চুক্তি সই করেন। চুক্তি সইয়ের অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সফররত কুয়েত প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, কুয়েত সশস্ত্রবাহিনীর তিন সদস্যের একটি প্রতিনিধিদল রোববার পাঁচ দিনের সফরে ঢাকায় আসেন। আগামী ৩ জুন তাঁরা বাংলাদেশ ত্যাগ করবেন। আইএসপিআর।