কুয়েতের সহায়তায় জিতলেন সাবের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ২৮তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সরকারদলীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী। গত বৃহস্পতিবারের এই নির্বাচনে তাঁর প্রেসিডেন্ট হওয়ার পেছনে কুয়েত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দাবি করছেন দেশটির জাতীয় পরিষদের স্পিকার মারজুক আল-ঘানিম। খবর কুয়েত নিউজ এজেন্সির।
গত বৃহস্পতিবার আল-ঘানিম এই অভিব্যক্তি প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে কুয়েতের ঘনিষ্ঠ এবং শক্তিশালী সম্পর্ক তাদের সমর্থিত প্রার্থীকে জয়ী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’
সাবের হোসেন চৌধুরী আরব দেশগুলোর গ্রুপ এবং কয়েকটি মুসলিম দেশের প্রার্থী হিসেবে ১৬৯ ভোট পেয়ে আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অস্ট্রেলিয়ার আইনসভার স্পিকার ব্রনউইন বিশপ ৯৫ ভোট পেয়ে দ্বিতীয় হন।
আল-ঘানিম বলেন, ভোটাভুটির প্রথম পর্যায় থেকেই বিভিন্ন মুসলিম দেশের একাধিক প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছে। এ ছাড়া নারীদের হিজাব নিয়ে অস্ট্রেলিয়ার প্রার্থীর অবস্থান আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে কুয়েতকে উৎসাহিত করেছে। নির্বাচনে একক অবস্থান নিতে আয়োজিত আরব এবং মুসলিম দেশগুলোর সর্বশেষ তিনটি বৈঠকে আল-ঘানাম সভাপতিত্ব করেন।
নিউজডটকমের প্রতিবেদনে বলা হয়, কোনো বোরকা পরিহিত নারী অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবন পরিদর্শনে এলে তাঁকে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিতে তিনি ভূমিকা রাখেন বলে অভিযোগ করা হয়।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে, হিজাব পরিহিত নারীদের ব্যাপারে অস্ট্রেলিয়ার আইনসভার সাম্প্রতিক সিদ্ধান্ত ব্রনউইন বিশপের প্রেসিডেন্ট হওয়ার পথে প্রতিবন্ধক হিসেবে কাজ করেছে।