কূটনীতিককে দেওয়া সমন প্রত্যাহার
একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মামলায় বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইউন ইয়াংকে আদালতের সমন দেওয়াকে কেন্দ্র করে কিছুটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত সমনের আদেশটি প্রত্যাহার হলেও ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে বাংলাদেশকে আরও সতর্ক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশি-বিদেশি কূটনীতিকেরা।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইউন ইয়াং তাঁর বিরুদ্ধে ওই সমনের আদেশকে অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘কোনো কূটনীতিককে এভাবে সমনের ঘটনা একেবারেই অস্বাভাবিক ও বিব্রতকর। আদালতের শরণাপন্ন হওয়া প্রতিষ্ঠানটি অসৎ উদ্দেশ্যে একটি বাণিজ্যিক মামলায় আমাকে জড়িয়েছে। আমি আশা করব, ভবিষ্যতে কোনো কূটনীতিককে সমন করার আগে আদালত ভিয়েনা কনভেনশন অনুসরণের মাধ্যমে সতর্কভাবে পদক্ষেপ নেবেন। এর ব্যতিক্রম হলে বাংলাদেশ সম্পর্কে বাইরে ভুল বার্তা যাবে।’
জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভুল-বোঝাবুঝির কারণে এটি হয়েছিল। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর বিষয়টি আইন মন্ত্রণালয়ের নজরে এলে আদেশটি প্রত্যাহার করা হয়। ৫ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠিটি দেয়।
প্রসঙ্গত, ঢাকার প্রথম যুগ্ম জেলা আদালত আগামী ১০ সেপ্টেম্বর লি ইউন ইয়াংকে হাজির হতে গত ২৪ জুলাই নোটিশ দেন। মেসার্স আর এন স্পিনিং মিলস লিমিটেডের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূতকে আদালত এ সমন জারি করেন। সমন জারির পর ৪ আগস্ট রাষ্ট্রদূত এ ব্যাপারে পররাষ্ট্রসচিব শহীদুল হকের কাছে তাঁর উদ্বেগ প্রকাশ করে চিঠি দেন। লি ইউন ইয়াং জানান, মামলার বাদী মেসার্স আর এন স্পিনিং মিলস লিমিটেডকে তিনি চেনেন না এবং তার সঙ্গে বাদীর কোনো ধরনের সম্পর্ক নেই।