কূটনীতিকদের কাছে অবস্থান তুলে ধরেছে বিএনপি
নির্বাচনকালীন সরকার বিষয়ে চলমান রাজনৈতিক সংকট নিয়ে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে নিজেদের দাবি ও অবস্থান তুলে ধরেছে প্রধান বিরোধী দল বিএনপি।
গতকাল সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির নেতারা। তাঁরা নির্দলীয় সরকারের দাবির যৌক্তিকতা কূটনীতিকদের কাছে তুলে ধরেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী ঘোষিত নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হলে তাতে বিএনপি যাবে না বলে জানানো হয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে কূটনীতিকেরা জানতে চান, নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির কোনো প্রস্তাব আছে কি না। জবাবে বিএনপির নেতারা বলেছেন, সরকার নিজেদের অধীনেই নির্বাচন করতে চায়। সরকারের অবস্থানের পরিবর্তন হলে বিএনপি প্রয়োজনে প্রস্তাব দেবে।
বেলা সোয়া তিনটা থেকে এক ঘণ্টার এ বৈঠকে ফ্রান্স, জার্মানি, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, স্পেন, সৌদি আরব, ভ্যাটিকান সিটি ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, কানাডা, নেপাল, সিঙ্গাপুর, মরক্কো, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, ফিলিস্তিন ও নেদারল্যান্ডসের কূটনীতিকেরা বৈঠকে অংশ নেন। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।