কূটনীতিকদের কাছে গুম-খুনের চিত্র তুলে ধরেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে দেশে চলমান গুম, খুন, অপহরণসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেছে বিএনপি।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে কূটনীতিকদের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল বৈঠক করে।
বৈঠকে উপস্থিত থাকা বিএনপির একটি সূত্র জানায়, বৈঠকে বিএনপির পক্ষ থেকে ৫ জানুয়ারির নির্বাচনের আগে-পরে বিএনপির যেসব নেতা-কর্মী গুম-খুনের শিকার হয়েছেন তাঁদের নাম, ঠিকানা, ছবিসহ একটি তালিকা কূটনীতিকদের দেওয়া হয়েছে।
বিএনপির সূত্র জানায়, বৈঠকে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষত গুম-খুন-অপহরণ নিয়ে বিএনপির অবস্থান কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়। বিএনপি মূলত যে বার্তা বিদেশিদের দিতে চেয়েছে তা হলো, দেশে এখন কোনো রাজনৈতিক অস্থিরতা না থাকলেও সামাজিক অস্থিরতা চরম আকার ধারণ করেছে। সরকার ‘অনির্বাচিত’ হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনে সরকারের কর্তৃত্ব শিথিল হয়ে পড়েছে। কাউকে সরকার নিয়ন্ত্রণে রাখতে পারছে না। এ জন্যই মূলত এই অবস্থা তৈরি হয়েছে।
বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, নরওয়ে, পকিস্তানসহ বিভিন্ন দেশের ও ইউএনডিপির কূটনীতিক ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।