কূটনীতিকদের নিয়ে কক্সবাজারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের পর্যটনশিল্পের উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ২০টি দেশের ঢাকাস্থ দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের নিয়ে কক্সবাজার সফরে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিন দিনের এই সফরে গতকাল সোমবার তাঁরা কক্সবাজারে পৌঁছেন। সমুদ্রসৈকত ছাড়াও এর আশপাশের দর্শনীয় ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্থানসমূহ যেমন-রামু বৌদ্ধবিহার, ইনানী সমুদ্রসৈকত, উখিয়া সেনপাড়ার হ্যাচারি জোন, মত্স্য অবতরণ ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম তাঁরা পরিদর্শন করছেন।
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। সফরে অংশগ্রহণকারীদের মধ্যে রাশিয়া, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, নেদারল্যান্ডস, তুরস্ক, মালয়েশিয়া, মিয়ানমার, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার হাইকমিশনার ও রাষ্ট্রদূতেরা রয়েছেন।
দেশের পর্যটনশিল্পের সম্প্রসারণ ও সম্ভাব্য ক্ষেত্রগুলোতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।