কূটনীতিকদের ব্রিফ করবেন দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের আজ বুধবার ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। আজ সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তিনি কূটনীতিকদের কাছে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সরকারের অবস্থান তুলে ধরবেন।পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এ কথা জানান। চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক মাসের মধ্যে এ নিয়ে কূটনীতিকদের জন্য দ্বিতীয়বারের মতো ব্রিফিংয়ের আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ৭ মার্চ পররাষ্ট্রমন্ত্রী তাঁর দপ্তরে কূটনীতিকদের কাছে পরিস্থিতি তুলে ধরেন।আগামী নির্বাচনের পদ্ধতি নিয়ে প্রধান দুই রাজনৈতিক শিবিরের মধ্যে সংঘাত এবং মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতার বিষয়ে ইতিমধ্যেই উন্নয়ন সহযোগীরা উদ্বেগ জানিয়েছে। সর্বশেষ এর সঙ্গে যুক্ত হয়েছে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির বিষয়টি। এ বিষয়গুলো নিয়ে বন্ধু দেশগুলোর উদ্বেগ দূর করার পাশাপাশি সরকারের অবস্থান তুলে ধরতে কূটনীতিকদের ব্রিফ করছে সরকার। ব্রিফিংয়ের প্রস্তুতির অংশ হিসেবে হেফাজতের ১৩ দফা দাবির সাংবিধানিক ও আইনগত যৌক্তিকতা জানতে চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ৭ এপ্রিল আইন মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়েছে।