কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিদের কাছে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় অবস্থান তুলে ধরেছে বিএনপি। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা।বৈঠকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ। বৈঠকে ১৪টি দেশের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে যুক্তরাষ্ট্র ও ভারতের কোনো প্রতিনিধি বৈঠকে ছিলেন না।বৈঠক শেষে শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, বিএনপি মনে করে, সংলাপ ছাড়া কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। সংকট নিরসনে সংলাপের প্রয়োজন। কিন্তু সংলাপ হতে হবে সরকারের সঙ্গে, কূটনীতিকদের সঙ্গে নয়। তিনি বলেন, বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের ওপর হামলা, মামলা, হয়রানি, গ্রেপ্তারের মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে। বিএনপির কার্যালয়ে গত সোমবার পুলিশি হামলার বিষয়ে কূটনীতিকেরা অবগত আছেন বলেন শমসের মবিন জানান।বৈঠকসংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর সহিংস অবস্থার বিষয়ে কূটনীতিকেরা জানতে চান। বিএনপি নেতারা বলেছেন, এসব সহিংসতার সঙ্গে বিএনপির সম্পৃক্ততা নেই। কূটনীতিকেরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বললে জবাবে বিএনপির নেতারা বলেন, তাঁদের দল সংলাপ চায়, আলোচনা চায়। কিন্তু এ ব্যাপারে সরকারের উদ্যোগ নেই। এ ছাড়া সরকার পতনের এক দফা দাবির বিষয়ে কূটনীতিকেরা জানতে চাইলে বিএনপির পক্ষ থেকে বলা হয়, বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনে বিশ্বাসী। তারা সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু সরকার সেই পথ বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় আন্দোলন করা ছাড়া বিরোধী দলের কাছে আর কোনো বিকল্প নেই।