কূটনীতিকদের সম্মানে খালেদা জিয়ার ইফতার
বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে গতকাল শনিবার ইফতারের আয়োজন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর গুলশানের একটি হোটেলে এ ইফতারের আয়োজন করা হয়।
এতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হান্না, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন ছাড়াও পাকিস্তান, কাতার, ইন্দোনেশিয়া, রাশিয়া, ইরান, ওমান, তুরস্ক, লিবিয়া, জাপান, ভিয়েতনাম, নরওয়ে, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা অংশ নেন।
ইফতারের আগে খালেদা জিয়া টেবিলে টেবিলে গিয়ে আমন্ত্রিত কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ইফতারের সময় খালেদা জিয়ার টেবিলে ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, সৌদি আরব, ফিলিস্তিন ও নেপালের রাষ্ট্রদূতেরা। তার পাশের একটি টেবিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক টেবিলে ছিলেন ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরনসহ আরও কয়েকজন কুটনীতিক ও বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা।