কূটনীতিকের বাসায় চুরি
ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব অনিল কুমার রায়ের বাসায় চুরি হয়েছে। গতকাল সোমবার সকালে এই কূটনীতিক তাঁর বাসায় চুরির ঘটনা জানতে পারেন।পুলিশ জানায়, ভারতীয় ওই কূটনীতিক সস্ত্রীক গুলশান-২ এর ১০০ নম্বর সড়কের ডি/১/২৯ নম্বর ফ্ল্যাটে থাকেন। সোমবার সকালে ঘুম থেকে উঠে বারান্দার গ্রিল কাটা দেখে তাঁরা চুরির ঘটনা সম্পর্কে বুঝতে পারেন।প্রতিবেশীদের ধারণা, চোর পরিবারের লোকজনকে কোনো ধরনের চেতনানাশক দিয়ে অচেতন করে রাখে। এরপর নির্বিঘ্নে মালামাল নিয়ে চলে যায়। মামলার এজাহারে বলা হয়, একটি আলমারির তালা ভেঙে চোরেরা একটি ডায়মন্ডের সেট, দামি পাথরের একটি গলার হার, ২৫০ গ্রাম ওজনের স্বর্ণালংকারসহ নগদ এক হাজার ৬০০ টাকা নিয়ে যায়। সব মিলিয়ে চোরেরা তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে মামলায় উল্লেখ করা হয়।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ও সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকারী কর্মকর্তারা চুরির আলামত সংগ্রহ ও আঙুলের ছাপ সংগ্রহ করেছেন।