কূটনীতিকেরা এখনো সন্ত্রাসী হামলার ঝুঁকি বোধ করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হেমনিটি উইনথার বলেছেন, হলি আর্টিজান বেকারির হামলার ১০ মাস পরও সন্ত্রাসী হামলার ঝুঁকি বোধ করায় কূটনীতিকদের চলাফেরায় বিধিনিষেধ আছে।

ডেনমার্কের রাষ্ট্রদূত গতকাল রাজধানীতে ডিকাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি দুই দেশের সম্পর্কের বিষয়ে কথা বলেন। এ ছাড়া রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, রোহিঙ্গা সমস্যার মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বিভিন্ন আলোচিত বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দেন। ডিকাবের সভাপতি রেজাউল করিম লোটাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পান্থ রহমান। এক প্রশ্নের জবাবে মাইকেল হেমনিটি উইনথার বলেন, ‘আমাদের চলাফেরায় এখনো বিধিনিষেধ আছে। ঝুঁকির পরিস্থিতি মূল্যায়ন করলে আমরা এখনো ঝুঁকি বোধ করি। আমরা এখনো মনে করি, বিদেশিরা ওই সব সন্ত্রাসীর হামলার ঝুঁকির শিকার হতে পারেন।’ গত ১ জুলাইয়ের ওই সন্ত্রাসী হামলার পর বিদেশিদের নিরাপত্তায় সরকারের নেওয়া পদক্ষেপে তিনি কূটনীতিকদের বিশেষ সন্তুষ্টির কথাও জানান।