কূটনীতিকেরা রাষ্ট্রপতির সাক্ষাৎ চাওয়ায় মেননের বিস্ময়
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদেশি কূটনীতিকেরা সাক্ষাৎ চাওয়ার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, বাংলাদেশ আর এমন জায়গায় দাঁড়িয়ে নেই যে অভ্যন্তরীণ বিষয়ে অন্যের হস্তক্ষেপ মেনে নেবে।
গতকাল শনিবার শহীদ আসাদ মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির এক সভায় রাশেদ খান মেনন এ কথা বলেন। তিনি বলেন, তাঁদের দেশের নির্বাচনে কোনো বাইরের হস্তক্ষেপ তাঁরা গ্রহণ করেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপ সম্পর্কে বিতর্ক এর বড় প্রমাণ।
মেনন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি অনুসন্ধান কমিটি নিয়ে এত কথা বলছে। বিএনপি জানে যে তারা নির্বাচনে হেরে যাবে। তাই হারার আগাম অজুহাত তৈরি করে রাখছে।
সভায় হকারদের পুনর্বাসন না করে উচ্ছেদ বন্ধ করার দাবি জানানো হয়। এ ছাড়া হেফাজতে ইসলামের সুপারিশ মেনে পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক বিষয় অন্তর্ভুক্ত করার নিন্দা জানানো হয়।
ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। বিজ্ঞপ্তি