কূটনৈতিক কনটেইনারে তিন কোটি টাকার চোরাই পণ্য!
কূটনৈতিক কনটেইনারে আনা প্রায় তিন কেটি টাকার চোরাই পণ্য জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। গতকাল সোমবার সন্ধ্যায় গুলশানে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়। গোয়েন্দা কর্মকর্তারা জানান, শুল্ক ফাঁকি দিয়ে পণ্যগুলো সিঙ্গাপুর থেকে আনা হয়েছিল। কর্মকর্তাদের অভিযোগ, ইরাক দূতাবাসের এক সাবেক কর্মকর্তা ও দেশের কয়েকজন ব্যবসায়ী চোরাই পণ্য আমদানির সঙ্গে জড়িত। তবে মালামাল জব্দের সময় সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।নাম প্রকাশ না করে কর্মকর্তারা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাতটার দিকে গুলশানের একটি বাসার সামনে অভিযান চালানো হয়। ওই বাসার সামনে তখন কনটেইনার থেকে তেল, বেভারেজ, ডিটারজেন্টসহ বিভিন্ন ধরনের পণ্য নামিয়ে ছোট ছোট কয়েকটি কাভার্ড ভ্যানে ওঠানো হচ্ছিল। ওই সময় সব পণ্য, কিছু কাগজপত্র ও অব্যাহতিপত্র (এক্সামশন সার্টিফিকেট) জব্দ করা হয়। কর্মকর্তারা বলেন, কনটেইনারে দুই হাজার কার্টনভর্তি ২৬ হাজার কেজির পণ্য ছিল। এর আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা। শুল্ক প্রায় এক কোটি টাকা। পণ্যগুলো সিঙ্গাপুর থেকে জাহাজযোগে চট্টগ্রাম বন্দরে আনা হয়। গত শনিবার তা রেলযোগে আনা হয় ঢাকার কমলাপুরে। গতকাল সন্ধ্যার দিকে সেগুলো কমলাপুর থেকে আনা হয় গুলশানে।গোয়েন্দা কর্মকর্তারা বলেন, কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, মালামালগুলো ইরাক দূতাবাসের তৃতীয় সেক্রেটারি গেইঠ জাবদুর রাজ্জাক নামের একজনের নামে এসেছে। কিন্তু তিনি কয়েক মাস আগেই বাংলাদেশ থেকে চলে গেছেন। তিনি যে বাসায় থাকতেন তার সামনেই পণ্যগুলো বাজারে সরবরাহ করা হচ্ছিল।