কূটনৈতিক পাড়ায় পুলিশের বিশেষ ইউনিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তা নিশ্চিত করতে ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন’ নামে পুলিশের আলাদা একটি ইউনিট তৎপর রয়েছে

গুলশান থানা-পুলিশের টহলের পাশাপাশি ৩০টি নিরাপত্তাচৌকি বসিয়ে বিভিন্ন সড়কে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। পাঁচ শতাধিক ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ওই এলাকার নিরাপত্তা পর্যবেক্ষণ করা হচ্ছে। সব ক্যামেরা সচল আছে জানিয়ে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপকমিশনার মো. জসিমউদ্দিন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, সিসি ক্যামেরার জন্য স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে পালা করে গুলশান বিভাগের একজন উপপরিদর্শক (এসআই) সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করেন।

গুলশান-২-এর ওকিচেন রেস্তোরাঁ ও হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার আগেও এই এলাকায় প্রায় একই ধরনের নিরাপত্তাব্যবস্থা ছিল। এর মধ্যে সেখানে হামলার ঘটনা ঘটেছে।

রাজধানীর গুলশানে কূটনৈতিক পাড়ায় নিরাপত্তাবেষ্টনীর মধ্যে গত ১৫ মাসে ছয়টি বোমা হামলা ও গুলির ঘটনা ঘটেছে। সর্বশেষ ১ জুলাই রাতে গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিরা আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের হাত গ্রেনেডের আঘাতে পুলিশের সহকারী কমিশনার রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান নিহত হন। পরদিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়।

১ জুলাই রাতেও জিম্মিদের স্বজনেরা গুলশানের নিরাপত্তা নিয়ে পুলিশের কাছে ক্ষোভ প্রকাশ করেন। গুলশান-২-এর ৭৮ নম্বর সড়কের বাসিন্দা মাহতাবউদ্দিন প্রথম আলোকে বলেন, ১ জুলাই হলি আর্টিজানে হামলার আগেও কয়েকবার হামলার ঘটনা ঘটেছে। মানুষ এখন বাসা থেকে বের হতে ভয় পাচ্ছে।

গুলশান অঞ্চলের সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, গুলশান এলাকায় সব সময় নিরাপত্তা জোরদার থাকে। জঙ্গি হামলার পর তা আরও বাড়ানো হয়েছে। গত বৃহস্পতিবার দেখা যায়, গুলশানে ঢোকার পথে ও বিভিন্ন সড়কে পথচারীসহ সন্দেহভাজন যান তল্লাশি করছে পুলিশ। ওই এলাকার বিভিন্ন স্থানে পুলিশের সশস্ত্র টহল।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শুক্রবার রাতের জঙ্গি হামলায় আহত হন। তিনি প্রথম আলোকে বলেন, রাজধানীর মধ্যে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা রয়েছে গুলশান এলাকায়। নিরাপত্তাচৌকিতে অবস্থানরত পুলিশ নিয়মিত যানবাহনে তল্লাশি চালায়। তারপরও সুযোগ বুঝে অস্ত্রশস্ত্র নিয়ে হয়তো পথচারী বেশে জঙ্গিরা গুলশান এলাকায় ঢুকে পড়েছে। গুলশান বিভাগের কর্মকর্তারা বলেন, আগে পথচারীদের তল্লাশি করা না হলেও হলি আর্টিজানে হামলার পর এখন পথচারীদেরও দেহ তল্লাশি করা হয়।

গত বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান-২-এর ৯০ নম্বর রোডের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে দুর্বৃত্তরা ইতালির নাগরিক সিজার তাবেলাকে গুলি করে হত্যা করে। ওই বছরের ১৪ জানুয়ারি রাতে গুলশান ২ নম্বর গোলচত্বরের কাছে দুর্বৃত্তদের গুলিতে আহত হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান। এর তিন দিন আগে ১১ জানুয়ারি রাতে গুলশান-২-এর লেকপাড়ে দুর্বৃত্তরা একটি বাসার সামনে পার্ক করা একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। একই রাতে দুর্বৃত্তরা গুলশান-২-এর ৪৪ নম্বর রোডের একটি বাসার সামনে গুলি করে। ১৯ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা অস্ট্রেলীয় হাইকমিশনের উল্টো পাশের সড়কে একটি প্রাইভেট কার থেকে তিনটি গুলি বর্ষণ করে। এতে হতাহত না হলেও কূটনৈতিক পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই চারটি হামলার উদ্দেশ্য এ​খনো জানতে পারেনি পুলিশ। গ্রেপ্তারও করতে পারেনি কাউকে।

গত বছরের জানুয়ারিতে তিনটি গুলিবর্ষণের ঘটনার সময় গুলশান থানার ওসি ছিলেন রফিকুল ইসলাম। বর্তমানে তিনি পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি)। তিনি প্রথম আলোকে বলেন, গত বছরের জানুয়ারিতে ৪৪ নম্বর রোড ও গুলশান-২-এর লেকপাড়ে গুলিবর্ষণের পর গুলির খোসাসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছিল। ওই দুটি ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। কেউ থানায় মামলা বা অভিযোগ করেনি। ঘটনাগুলোর সর্বশেষ অগ্রগতি তিনি মনে করতে পারছেন না বলে জানান।