কূটনৈতিক প্রক্রিয়ায় লাল ফিতার দৌরাত্ম্য রয়েছে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, কূটনৈতিক প্রক্রিয়ায় লাল ফিতার দৌরাত্ম্যের কারণে পুলিশ সরাসরি বিভিন্ন দেশের পুলিশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করছে। ঢাকায় পুলিশপ্রধানদের আন্তর্জাতিক সম্মেলনে আজ সোমবার এক কনফারেন্সে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।
দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে কূটনীতিক সম্পর্ক বৃদ্ধির যে চেষ্টা রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশ করে যাচ্ছে, তার অংশ হিসেবে পুলিশ ওই সব অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করছে কি না, জানতে চাইলে আইজিপি শহীদুল হক বলেন, ‘আমরা পুলিশ টু পুলিশ কো-অপারেশন করতে চাই। এটা একটা গ্লোবাল পুলিশ ফ্যামিলি। আমরা এশিয়ার মধ্যেই আছি। আপাতত এর মধ্যেই থাকতে চাই।’
এ জন্য তো সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য দপ্তরগুলো রয়েছে। আপনি শুধু পুলিশ টু পুলিশ সম্পর্কের কথা কেন বলছেন—জানতে চাইলে আইজিপি বলেন, ‘আপনি যে ডিপ্লোমেটিক চ্যানেলের কথা বলছেন...কনভেনশনাল ইনস্টিটিউশনগুলো আমলাতান্ত্রিক। এগুলোতে লাল ফিতার দৌরাত্ম্য রয়েছে। আমার একটা চিঠি দিতে হলে এ মন্ত্রণালয় সে মন্ত্রণালয় করে ছয় মাস লেগে যাবে কিন্তু উত্তর পাব না। এখন সরাসরি যোগাযোগ করতে পারি। এখন সন্ত্রাসী হচ্ছে এখানে, জঙ্গিকে এখন ধরতে হবে। আমি যদি কূটনীতিক প্রক্রিয়ায় যাই, তাহলে এসব তো হবে না। যা কিছু করেছি, দেশের স্বার্থেই, জননিরাপত্তার জন্য। আমাদের ব্যানার তো ইন্টারপোল, ওটা তো বিশ্বব্যাপী রিকগনাইজড।’
গতকাল রোববার সকাল থেকে তিন দিনের এ সম্মেলন শুরু হয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। বাংলাদেশ পুলিশ ও পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল যৌথভাবে সম্মেলনটির আয়োজন করেছে। এতে ১৪টি দেশের পুলিশের প্রতিনিধিরা ছাড়াও ফেসবুক, ইন্টারপোল গ্লোবাল কমপ্লেক্স ফর ইনোভেশন (আইজিসিআই), যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), আসিয়ানাপোল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ট্রেনিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামসহ (আইসিআইটিএপি) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন।