কূটনৈতিক প্রচেষ্টায় খুলেছে সৌদি শ্রমবাজার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি রপ্তানির দরজা খুলেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সৌদি আরবের ওই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে যেকোনো পেশার মানুষ এখন সৌদি আরব যেতে পারবে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সিটি করপোরেশন চত্বরে সামাজিক বন বিভাগ আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
শাহরিয়ার আলম বলেন, গত ছয় বছর শুধু গৃহকর্মী ছাড়া অন্য কোনো পেশার জনবল নেয়নি সৌদি আরব। কিন্তু সব পেশার জনশক্তি রপ্তানি করতে বাংলাদেশ এই দীর্ঘ সময় থেকেই সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছিল। অবশেষে গতকাল বুধবার দেশটির শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে সব পেশার জনবল নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়।
অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বুধবার সৌদি আরবের হারাজ বিন কাশেম মানফুহায় নাটোরের নলডাঙ্গা উপজেলার যে চারজন শ্রমিক কারখানায় দগ্ধ হয়ে মারা গেছেন, তাঁদের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। যে হাসপাতালে নিহত শ্রমিকদের লাশ রয়েছে, সেখানে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারাও আছেন। আর কারখানায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ায় কারখানা কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
এর আগে ‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’ স্লোগান নিয়ে ১৫ দিনব্যাপী রাজশাহী সিটি করপোরেশনের গ্রিন প্লাজায় বৃক্ষমেলার উদ্বোধন করেন শাহরিয়ার আলম। রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন রাজশাহী সিটির ভারপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম, রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান, বিভাগীয় বন কর্মকর্তা ইমরান আহমেদ প্রমুখ। ২৫ আগস্ট পর্যন্ত এই মেলা চলবে। মেলায় বিভিন্ন ধরনের ফলদ, বনজ, ঔষধি ও ফুল গাছের চারা পাওয়া যাচ্ছে।