বাংলাদেশের জন্য থাই ভিসায় পরিবর্তন আসেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জন্য থাইল্যান্ডের ভিসা–প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসেনি। আর এ বিষয়টি যথাযথভাবে বাংলাদেশের কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ঢাকায় থাইল্যান্ড দূতাবাস আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। থাইল্যান্ডের ভিসা নিতে গিয়ে বাংলাদেশের নাগরিকদের বিড়ম্বনার অভিযোগের পরিপ্রেক্ষিতে দূতাবাস এই বিজ্ঞপ্তি প্রচার করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থাই দূতাবাসে ২০ থেকে ৩০ হাজার পাসপোর্ট জমে থাকার যে বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হয়েছে, তা সঠিক নয়। এই সংখ্যাটি কিছু ট্রাভেল এজেন্সির দেওয়া মিথ্যা অনুমানের ভিত্তিতে প্রচারিত। ভিসা–প্রক্রিয়ায় যেকোনো সময় আবেদনকারী থাই ভিসা আবেদন কেন্দ্রের (থাই ভিএফএস) পাসপোর্ট প্রত্যাহার করতে পারেন।
থাই দূতাবাসের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, প্রতিটি ভিসা–প্রক্রিয়া নির্দিষ্ট ঘটনা বিশেষ ও আলাদা। তাই কোনো বিলম্ব হয়ে থাকলে তা পুরোপুরি আবেদনকারীর প্রেক্ষাপট, জমা দেওয়ার তথ্য ও অন্যান্য প্রাসঙ্গিক ঘটনার ওপর নির্ভরশীল। কোনো অবস্থাতেই সব আবেদনকে এক করে দেখার সুযোগ নেই। ২০১৫ সালে চিকিৎসার জন্য ভ্রমণ ভিসার শ্রেণিতে থাই দূতাবাস ৩ হাজার ৮৭৬টি ভিসা দিয়েছে। ওই সংখ্যা কোনোভাবেই গণমাধ্যমে দেওয়া সংখ্যা অনুযায়ী ১ লাখ ১০ হাজার নয়।