টিপাইমুখে বাঁধ নির্মিত হলে সিলেট তথা দেশের উত্তর-পূর্বাঞ্চলে চরম বিপর্যয় নেমে আসবে। বিষয়টি মাথায় রেখে দেশের পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছেন। অথচ বাংলাদেশ সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে এখন পর্যন্ত টিপাইমুখ ইস্যুটির সুরাহা হয়নি।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় নগরের দরগাগেট এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনে পরিবেশবাদী সংগঠন ‘নির্ভীক’ আয়োজিত এক সভায় বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়ক এ টি এম কামাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক রফিকুল ইসলাম, ব্যবসায়ী মনির হোসেন প্রমুখ।
বক্তারা আরও বলেন, ভারত সরকার টিপাইমুখ বাঁধ নির্মাণ করলে দেশের হাওর এলাকা পুরোপুরি বিপন্ন হয়ে পড়বে। বিশেষ করে সিলেটের হাওর, নদী, খালগুলো শুকিয়ে মরুভূমিতে পরিণত হবে।
নারায়ণগঞ্জের পরিবেশবাদী সংগঠন ‘নির্ভীক’-এর উদ্যোগে টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে ২০০৯ সালের ১৭ জুলাই ঢাকার মুক্তাঙ্গন থেকে সিলেটের অমলসীদ অভিমুখে পদযাত্রা করা হয়। সেই পদযাত্রায় অংশগ্রহণকারীদের উদ্যোগে গতকাল মতবিনিময় সভায় আয়োজন করা হয়।