কূটনৈতিক ব্যর্থতার কারণে সার্বভৌমত্ব হুমকির মুখে: ফখরুল
সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই দেশের সার্বভৌমত্ব দিন দিন দুর্বল ও হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার দেশের স্বাধীনতা সুরক্ষার বিষয়ে উদাসীন বলেই সীমান্তগুলো অরক্ষিত থাকছে। আজ শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।
বান্দরবানের কাছে মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গত বুধবার গোলাগুলির পর নিখোঁজ বিজিবির নায়েক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সীমান্তে গোলাগুলির ঘটনায় মিয়ানমারের বিজিপির দ্বারা নিহত নায়েক সুবেদার মিজানুর রহমানকে হত্যা এবং তাঁর লাশ হস্তান্তর না করা বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। এই ঘটনায় সারা জাতি উদ্বিগ্ন ও উত্কণ্ঠিত হয়ে পড়েছে।
উল্লেখ্য, বিজিবির নায়েক মিজানুর রহমানের লাশ সন্ধ্যা ছয়টার দিকে হস্তান্তর করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।