কূটনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের আশাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কারণে আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে এবং আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ ও চীন একে অপরকে সহযোগিতা করে আসছে। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন-প্রয়াস বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা অব্যাহত রেখেছে চীন।বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৩৫ বর্ষ পূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল বুধবার এ মন্তব্য করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় চীন দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে কূটনীতিক, সামরিক ও বেসামরিক আমলা এবং বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনের অব্যাহত সমর্থনের বিষয়টি উল্লেখ করে দীপু মনি বলেন, আমাদের প্রত্যাশা আগামীতেও বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত থাকবে। এ দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন খাতে চীনের উল্লেখযোগ্য অবদান রয়েছে। এক চীন নীতির ব্যাপারে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন দীপু মনি। বৈশ্বিক বিভিন্ন বিষয়ে উভয় দেশের সহযোগিতার বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আশা করেন, ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ানয়ি বলেন, চীন সবসময় বাংলাদেশকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জোরালো হয়েছে। চীনের বিভিন্ন আন্তর্জাতিক প্রসঙ্গ বিশেষ করে, এক চীন নীতিতে সমর্থনের জন্য তিনি বাংলাদেশের প্রশংসা করেন। ঝ্যাং জিয়ানয়ি আশ্বাস দেন, ভবিষ্যতেও বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত থাকবে। তিনি জানান, আগামী কয়েক মাসে চীনের বেশ কয়েকটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। নভেম্বরে আসবে জাহাজে পরিচালিত চীন সেনাবাহিনীর একটি ভ্রাম্যমাণ হাসপাতাল। অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস, সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মুনিরুজ্জামান এবং বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল আমিন। উল্লেখ্য, ১৯৭৫ সালের ৪ অক্টোবর চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে বাংলাদেশ।