কূপ খননে দেশের কোম্পানিকে অর্থ বরাদ্দের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসক্ষেত্রগুলোতে নতুন কূপ খননে গ্যাস উন্নয়ন তহবিল থেকে এখনই দেশীয় তিনটি উত্তোলন কোম্পানিকে অর্থ বরাদ্দ দেওয়ার সুপারিশ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, পেশাজীবী, ব্যবসায়ী ও কর্মকর্তারা।‘গ্যাস উন্নয়ন তহবিল নীতিমালা’ চূড়ান্ত করার প্রক্রিয়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত এক সভায় তাঁরা এ সুপারিশ করেন। গতকাল সোমবার সকালে কারওয়ান বাজারের টিসিবি ভবনে বিইআরসি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় বিইআরসি প্রণীত খসড়া গ্যাস উন্নয়ন তহবিল নীতিমালার ওপর পেট্রোবাংলা, বিইআরসির কর্মকর্তারা, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), এফবিসিসিআইসহ কয়েকটি সংস্থা ও ব্যক্তিগতভাবে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল ইসলামের লিখিত মতামত নিয়ে আলোচনা হয়।অধিকাংশ আলোচক বলেন, পেট্রোবাংলার গ্যাস উন্নয়ন তহবিলে প্রায় এক হাজার কোটি টাকা জমা পড়ে আছে। কিন্তু নীতিমালা চূড়ান্ত করে তার ভিত্তিতে ওই টাকা ব্যবহার অনেক সময়সাপেক্ষ ব্যাপার। তাই নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া চলতে থাকুক। আর এর মধ্যে দেশীয় কোম্পানি বাপেক্স, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড ও সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডকে টাকা বরাদ্দ দেওয়া হোক, যাতে তারা গ্যাসের উৎপাদন বাড়ানোর জন্য নতুন কূপ খননের কাজ অবিলম্বে শুরু করতে পারে।উল্লেখ্য, ২০০৮ সালের ৩০ নভেম্বর পেট্রোবাংলা গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর জন্য বিইআরসির কাছে আবেদন করে। ওই আবেদনের শুনানিসহ সব আইনিপ্রক্রিয়া শেষে ২০০৯ সালের ৩০ জুলাই বিইআরসি ‘গ্যাস উন্নয়ন তহবিল’ গঠনের শর্তে গ্যাসের দাম ১১ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি অনুমোদন করে। শর্ত অনুযায়ী বর্ধিত দামের সমুদয় অর্থ ওই তহবিলে জমা হবে এবং তা গ্যাস অনুসন্ধান ও উন্নয়নের কাজে ব্যবহূত হবে। তখন থেকে ওই খাতে অর্থ জমা হচ্ছে, যার পরিমাণ বছরে প্রায় ৭০০ কোটি টাকা। এখন এই অর্থ ব্যবহারের জন্য বিইআরসি নীতিমালা তৈরি করছে।গতকালের সভায় অধ্যাপক নুরুল ইসলাম বলেন, গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে নিয়োজিত দেশীয় কোম্পানিগুলো সব সময় অবহেলার শিকার হয়েছে। তাদের উত্তোলিত গ্যাসের দাম যা দেওয়া হয়, তা ব্যয়ের তুলনায় বেশি নয়। তাই এসব কোম্পানি আত্মনির্ভর হতে পারেনি। তিনি দেশীয় কোম্পানিগুলোকে তাদের আবিষ্কৃত ও উত্তোলিত গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করেন।নুরুল ইসলাম বলেন, গ্যাস খাতের অর্থায়ন, পরিচালনা, কর ও শুল্ক নির্ধারণের ক্ষেত্রে অনেক অসংগতি আছে। বিইআরসি, জাতীয় রাজস্ব বোর্ড, পেট্রোবাংলা, অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলো একত্রে বসে এই অসংগতিগুলো দূর করার পদক্ষেপ নেওয়া প্রয়োজন।ক্যাবের প্রতিনিধি অধ্যাপক শামসুল আলম বলেন, গ্যাস উন্নয়ন তহবিলে যে টাকা জমা পড়েছে তার কোনো রিটার্ন নেই। পেট্রোবাংলার কোনো সুযোগ নেই ওই টাকা ব্যয়ের। নীতিমালা প্রণয়নের প্রক্রিয়া চলতে থাকুক। ইতিমধ্যে ওই তহবিল থেকে অন্তত ৫০০ কোটি টাকা বাংলাদেশ গ্যাস ফিল্ডস ও সিলেট গ্যাস ফিল্ডসকে দেওয়া হোক নতুন কূপ খননের জন্য। সভায় বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক গ্যাস উন্নয়ন তহবিল থেকে তাদের চলমান কাজের জন্য অনুদান দেওয়ার প্রস্তাব করেন। তিনি বাপেক্সের চলমান কার্যক্রমের বিবরণ দিয়ে বলেন, বাপেক্সের উত্তোলিত গ্যাসের দাম বর্তমান ২৫ টাকা থেকে প্রতি ইউনিট ৫০ টাকা নির্ধারণ করা হোক।সভায় অংশগ্রহণকারী সবাই উল্লিখিত তিনটি দেশীয় কোম্পানিকে গ্যাস উন্নয়ন তহবিল থেকে অর্থ বরাদ্দের প্রস্তাব সমর্থন করেন। সভায় সভাপতিত্ব করেন বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন। সদস্য মো. ইমদাদুল হক ও সেলিম মাহমুদ উপস্থিত ছিলেন।