কূপ খোঁড়ার মাঝপথেই চলে গেলেন ঠিকাদার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের সেই মধ্য সোনাইছড়ি ত্রিপুরাপাড়ায় সুপেয় পানির কূপ খননের কাজ শেষ না করেই চলে গেছেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। ফলে নিরাপদ পানি পাওয়ার অপেক্ষা দীর্ঘ হচ্ছে পাড়ার বাসিন্দাদের। এদিকে খনন করা কূপটির মুখ বন্ধ না করায় সেটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

গত ১২ জুলাই উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্য সোনাইছড়ি ত্রিপুরাপাড়াটিতে হাম রোগে আক্রান্ত হয়ে এক দিনে চার শিশুসহ নয় শিশু মারা যায়। আক্রান্ত হয় আরও ১৬০ শিশু। ওই সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান সেখানে পরিদর্শনে গিয়ে দেখতে পান ত্রিপুরাপল্লিতে সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই। তখন তিনি ওই এলাকায় নলকূপ কিংবা কূপ স্থাপনের প্রতিশ্রুতি দেন।

স্থানীয় সূত্র জানায়, জেলা প্রশাসকের ঘোষণার এক সপ্তাহ পর কূপ খননের জন্য সীতাকুণ্ড সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলীর দপ্তর কাজ শুরু করে। পাহাড়ের প্রথম টিলায় ত্রিপুরা মন্দিরের পেছনের উত্তর-পূর্ব দিকে কূপ খনন শুরু করেন ঠিকাদার। এক মাস ধরে ৬০ ফুট খনন করা হয়। কিন্তু পানির স্তরে পৌঁছানোর আগেই কাজ শেষ না করে যন্ত্রপাতি নিয়ে চলে যান ঠিকাদার।

সেখানকার বাসিন্দা কাঞ্চন ত্রিপুরা প্রথম আলোকে বলেন, নিরাপদ পানি না পেয়ে ত্রিপুরাপাড়ায় বিভিন্ন পানিবাহিত রোগ লেগেই আছে। আশা করেছিলেন এবার সুপেয় পানির ব্যবস্থা হবে। কিন্তু কোরবানির ঈদের ১৫ দিন আগে ঠিকাদারের লোকজন কূপটির মুখ খোলা রেখে চলে গেছে। এতে তাঁরা দুর্ঘটনার আশঙ্কা করছেন।

উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, কূপটির ব্যাস ৪৬ ইঞ্চি। জরুরি ভিত্তিতে মৌখিকভাবে ওই কূপ খোঁড়ার কাজ পান আবু সুফিয়ান নামের একজন ঠিকাদার। তিনি ওই কাজের দায়িত্ব দেন মো. আশরাফ নামের আরেক ঠিকাদারকে।

জানতে চাইলে ঠিকাদার মো. আশরাফ প্রথম আলোকে বলেন, ত্রিপুরাপাড়ায় ৬০ ফুট খুঁড়ে ২৪টি রিং বসানোর পরও তাঁরা পানি পাচ্ছিলেন না। আরও অন্তত ৪০ ফুট গভীর খনন করা প্রয়োজন। টিলার ওপর হওয়ায় খরচ বেশি হচ্ছিল, কিন্তু এই কাজের মূল ঠিকাদার তাঁকে বাড়তি টাকা দিতে অস্বীকৃতি জানান। শ্রমিকদের বেতন দিতে না পারায় চলে এসেছেন বলে তিনি দাবি করেন।

মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে ঠিকাদার আবু সুফিয়ানের বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা সহকারী প্রকৌশলী শাহ আলম চৌধুরী সম্প্রতি অবসর-পূর্ব ছুটিতে (পিএলআর) চলে যাওয়ায় এ কাজের দেখভালের দায়িত্ব পেয়েছেন মিরসরাই উপজেলার জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সৈয়দ মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, দায়িত্ব বুঝে নেওয়ার পর ত্রিপুরাপাড়ায় যেতে পারেননি তিনি। এ বিষয়ে মাসিক সমন্বয় সভায় আলোচনার পর তিনি বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছেন। বাকি কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত কূপের মুখে ঢাকনা দেওয়ারও ব্যবস্থা করবেন তিনি।