কূপে পড়ে ছাত্রের মৃত্যু: ভবন মালিক গ্রেপ্তার
গাজীপুরের হায়দরাবাদ এলাকায় শনিবার সকালে পরিত্যক্ত কূপে পড়ে আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ভবনের মালিক আবুল হাসেমকে (৪০) গ্রেপ্তার করেছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, কূপে পড়ে মৃত রুমানুর রহমানের বাবা মো. বিল্লাল হোসেন বাদী হয়ে শনিবার বিকেলে মামলা করেন। মামলায় আবুল হাসেম ও হাবিবুর রহমান নামে দুজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ভবনের মালিক আবুল হাসেমকে গ্রেপ্তার করেছে।
রোমানুরের পরিবার ও এলাকাবাসী জানান, গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজের নার্সারি শ্রেণির ছাত্র রুমানুর ও হাবিবুল। তারা শনিবার সকালে স্কুলে গিয়ে বাইরে খেলা করছিল। এ সময়ে হঠাৎ রুমানুর ও হাবিবুল স্কুলের একটি পরিত্যক্ত কূপের মধ্যে পড়ে যায়। শিশু দুইটি গর্তে পড়ে গিয়ে চিৎকার শুরু করলে পাশের কয়েকজন লোক দৌড়ে গর্তের কাছে যান। হাবিবুলের কাঁধে স্কুল ব্যাগ ঝোলানো ছিল। সেটি ধরে তাকে টেনে উঠানো হয়। কিন্তু রুমানুর আরও গভীরে চলে যায়। পরে গর্ত খুঁড়ে তাকে উদ্ধার করা হয় এবং আহত অবস্থায় তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : পরিত্যক্ত কূপে পড়ে শিশু নিহত