কূপে হাতির বাচ্চা, পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো একটি কূপে পড়ে গিয়েছিল একটি হাতির বাচ্চা। স্থানীয় লোকজন চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও বন বিভাগকে। তারা গিয়ে কয়েক ঘণ্টা চেষ্টার পর হাতিটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এরপর বনের ভেতর চলে যায় সেটি।

গতকাল মঙ্গলবার সকালে শেরপুরের ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা গুরুচরণ দুধনই গ্রামে এ ঘটনা ঘটে।

বন বিভাগ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার ভোরে বন্য হাতির একটি বাচ্চা গারো পাহাড়ের গুরুচরণ দুধনই গ্রামের একটি পুরোনো কূপে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী এটিকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ঝিনাইগাতীর তাওয়াকুচা বিটের বন বিভাগের কর্মকর্তা ও শেরপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্থানীয় লোকজনের সহায়তায় হাতিটিকে কূপ থেকে টেনে তোলে।

ফায়ার সার্ভিসের শেরপুরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল নয়টার দিকে হাতির বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভব হয়।

বন বিভাগের তাওয়াকুচা বিটের বিট কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে প্রায় অর্ধশত হাতির দল ঝিনাইগাতীর গারো পাহাড়ে অবস্থান করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হাতির বাচ্চাটি দলছুট হয়ে পড়েছিল এবং রাতের অন্ধকারে গারো পাহাড়ের কূপে পড়ে গিয়েছিল। হাতিটিকে উদ্ধারের পর সুস্থ ও অক্ষত অবস্থায় এটি বনের ভেতর চলে যায়।