রাজশাহীতে গত ফেব্রুয়ারি মাসে শাহ্ মখদুম মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম ব্যাচের ক্লাসের উদ্বোধন করেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও বর্তমান সাংসদ ওমর ফারুক চৌধুরী। তিনি কলেজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। ওই ক্লাসের শিক্ষার্থীদের এখন আর কোনো কিনারা হচ্ছে না। ২৪ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। অনুমোদন বাতিল হয়ে গেছে, কর্তৃপক্ষ টিউশন ফিও ফেরত দিচ্ছে না।
উদ্বোধনকালে কলেজের চেয়ারম্যান বলেন, শাহ্ মখদুম মেডিকেল কলেজ উত্তরবঙ্গের প্রাচীন শিক্ষানগরখ্যাত রাজশাহীতে চিকিৎসাসেবার ক্ষেত্রে যুগোপযোগী ভূমিকা রাখবে।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং পরিচালক হচ্ছেন শিবিরের সাবেক নেতা বর্তমানে জামায়াত-সমর্থক মনিরুজ্জামান স্বাধীন। রাজশাহী নগরের খড়খড়ি এলাকায় দুই একর ১৩ শতাংশ জমির ওপর কলেজটির নির্মাণকাজ চলছে।
কলেজ থেকে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে শাহ্ মখদুম মেডিকেল কলেজের প্রাথমিক অনুমতি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। পাঠদান শুরু হওয়ার মাত্র ৩০ দিনের মাথায় কলেজটির অনুমোদন বাতিল করে স্বাস্থ্য মন্ত্রণালয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৩০ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রথম সভাতেই স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম একযোগে দেশের ১৪টি বেসরকারি মেডিকেল কলেজের অনুমতি বাতিল করে দেন। তার মধ্যে এই কলেজটিও রয়েছে।
গত বছরের নভেম্বর মাসে এই মেডিকেল কলেজটিতে শর্ত সাপেক্ষে ৫০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ২৪ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। গত ২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান এর ক্লাস উদ্বোধন করেন।
নগরের খড়খড়ি এলাকায় অবস্থিত ওই কলেজে গত শনিবার গিয়ে কলেজের অধ্যক্ষ মতিউর রহমান খানকে পাওয়া যায়নি। পরিচালকও ছিলেন না। সেখানে শিক্ষার্থীদের কোনো ক্লাসও দেখা যায়নি। নাম প্রকাশ না করার শর্তে দুজন শিক্ষার্থী বলেন, তাঁরা ভর্তি বাতিল করে অন্যত্র যেতে চাইলেও পারছেন না। কলেজের পরিচালককে এ বিষয়ে বললেই তিনি তাঁদের অভিভাবকদের উল্টো বোঝাচ্ছেন।
অভিভাবকেরা এসে বলছেন, ‘তোমাদের পড়াশোনা করার জন্য এখানে পাঠানো হয়েছে। তোমরা পড়াশোনা করবে। অন্য বিষয় আমরা দেখব।’ শিক্ষার্থীরা বলেন, এ নিয়ে তাঁরা এখন উভয়সংকটে পড়েছেন।
শিক্ষার্থীরা বলছেন, তাঁদের মধ্যে যাঁরা প্রথমবার সুযোগ না পেয়ে দ্বিতীয়বার ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন, তাঁরা পড়েছেন চরম অনিশ্চয়তায়। এ বছর এসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আর ভর্তি পরীক্ষার সুযোগও পাবেন না। এতে মেডিকেল কলেজ তো দূরের কথা, এখন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়েও পড়ার সুযোগ পাবেন না তাঁরা।
মনিরুজ্জামান বলেন, বাতিল নয়, সরকার তাঁদের অনুমোদন স্থগিত করেছে। পরে একটি তদন্ত দল স্থগিত করা মেডিকেল কলেজগুলো পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন দিয়েছে। তারপর আর কী হয়েছে, জানতে পারেননি। তিনি স্বীকার করেন, শিক্ষার্থীদের ক্লাসগুলো ঠিকমতো নেওয়া সম্ভব হচ্ছে না।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সাংসদ ওমর ফারুক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী এসে অনুমোদন বাতিল করলেন। তদন্ত করলেন। তারপর কী হলো, জানি না।’ তিনি মনে করেন, দ্রুত এই কলেজগুলোর ব্যাপারে সিদ্ধান্তে আসা দরকার।