কূলে আনা হয়েছে আরেকটি ওয়াগন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনার ১০ দিন পর গতকাল রোববার চট্টগ্রামের বোয়ালখালীতে হারগেজি খালে ডুবে থাকা রেলের আরেকটি ওয়াগন কূলে টেনে আনা হয়েছে।
ওয়াগনটি কূলে টেনে আনার পর উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়। আজ সোমবার ওয়াগনটি থেকে পানি ও জ্বালানি তেল সরিয়ে ওপরে তুলে আনা হবে। গত শনিবার ওপরে তুলে আনা ওয়াগনটি রেললাইনে বসিয়ে চট্টগ্রামের দিকে আনার ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার অভিযানে ব্যবহৃত রিলিফ ট্রেনটি গতকাল দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে গোমদণ্ডী স্টেশনে রাখা হয়।
১৯ জুন চট্টগ্রাম থেকে দোহাজারী যাওয়ার পথে সেতু ভেঙে জ্বালানি তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগনসহ ইঞ্জিনটি হারগেজি খালে পড়ে যায়।
গত বুধবার সন্ধ্যায় হারগেজি খালের ওপর ২৪ নম্বর সেতুটি মেরামত করে ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হয়। সেদিন কয়েকবার ওই রেলসেতুর ওপর পরীক্ষামূলক ট্রেন চালানো হলেও বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. হারুন-অর-রশীদ বলেন, ‘আমরা দ্বিতীয় ওয়াগনটি পানি থেকে উঠিয়ে কূলে এনে রেখেছি। ওই ওয়াগনে জ্বালানি তেল থাকতে পারে। তাই সতর্কতার সঙ্গে পাম্প মেশিন দিয়ে তেল মিশ্রিত পানি সরিয়ে দ্বিতীয় ওয়াগনটি ওপরে তোলা হবে।’