কৃচ্ছ্রসাধনের বদলে 'আলোকবিলাস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ অপচয় রোধ ও কৃচ্ছ্রসাধনের নির্দেশনা উপেক্ষা করে বগুড়া শহরের সেউজগাড়ি এলাকায় অবস্থিত কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্রে (কৃষি ফার্ম) শোভাবর্ধনের নামে দেড় শতাধিক ছোট সড়কবাতি (ল্যাম্পপোস্ট) বসানো হয়েছে। এ জন্য অর্ধশতাধিক ফুলগাছও কর্তন করা হয়েছে।
জানতে চাইলে উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সুলতান আলম প্রথম আলোকে বলেন, কেন্দ্রের শোভাবর্ধনের জন্য এসব বৈদ্যুতিক বাতি লাগানো হচ্ছে। এতে খরচ হচ্ছে ১০ লাখ টাকা। এ ছাড়া আরও ১০ লাখ টাকা খরচ হচ্ছে প্রতিষ্ঠানটির অবকাঠামো সংস্কারে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভূমি ও ইমারত শাখা থেকে দরপত্র আহ্বানের মাধ্যমে একজন ঠিকাদারকে দিয়ে এসব কাজ করানো হচ্ছে।
তবে বগুড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিক্রয় ও বিতরণ বিভাগ-১) নির্বাহী প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, ‘যৌক্তিক প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তি বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অতিরিক্ত বাতি জ্বালানো রীতিমতো বিদ্যুতের অপচয়। অতিরিক্ত বিদ্যুৎ খরচ করা থেকে বিরত থাকতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সব সময় গ্রাহকদের উৎসাহিত করা হয়। এতগুলো বাতি লাগানোর ব্যাপারে বিদ্যুৎ বিভাগকে কিছুই জানানো হয়নি। তাই এ বিষয়ে আমাদের জানা নেই।’
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিষ্ঠানটির আয়তন মাত্র কয়েক বিঘা। ১৩ জন কর্মকর্তা ও ৪১ জন শ্রমিকসহ প্রতিষ্ঠানটির জনবল ৬০ জনের বেশি নয়। ৬০ জনের নিরাপত্তার জন্য প্রতিষ্ঠান চত্বরসহ নিরাপত্তা প্রাচীরের চারদিকে আগে থেকেই অর্ধশতাধিক উঁচু সড়কবাতি রয়েছে। তার পরও সড়কবাতির ফাঁকে ফাঁকে নতুন করে স্থাপন করা হয়েছে দেড় শতাধিক সড়কবাতি।
সরেজমিনে কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্রে গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানের মূল ফটক থেকেই প্রবেশের রাস্তাজুড়ে ‘আলোকবিলাস’ শুরু করা হয়েছে। পর্যাপ্ত সড়কবাতি থাকার পরও এ আলোকবিলাস করতে গিয়ে মূল ফটক থেকে পুকুরপাড় পর্যন্ত অর্ধশতাধিক ফুলের গাছ কেটে ফেলা হয়েছে। এ ছাড়া প্রবেশপথের দক্ষিণ পাশের আটটি ইউক্যালিপটাস গাছের অংশবিশেষ কেটে ফেলা হয়েছে। চত্বরের পুকুরপাড়, প্রশাসনিক কার্যালয় চত্বর, অতিথিশালার সামনে, কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কোয়ার্টার, চত্বরের ছোট ছোট রাস্তা, ফলদ বাগান এমনকি শ্রমিকদের আবাসিক এলাকার রাস্তার দুই পাশে প্রয়োজন ছাড়াই আলোকবিলাস করা হয়েছে।
ঠিকাদারের বৈদ্যুতিক কাজের শ্রমিকেরা জানান, প্রথমে ১০০ সড়কবাতি লাগানোর কথা ছিল। পরে অন্য কাজের বদলে আরও বাড়ানো হয়েছে। এখন বাতির সংখ্যা ১৫০ ছাড়িয়ে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মচারী জানান, আগামী মাসে কৃষিমন্ত্রী এ উদ্যান সফরে আসতে পারেন। মন্ত্রীর নজর কাড়তে এ শোভাবর্ধনের কাজ করা হচ্ছে। এ কাজ তদারকি করছেন উদ্যানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সুলতান আলম। তবে সুলতান আলম কৃষিমন্ত্রীর সফরের বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, ‘ফুলের গাছগুলোর কারণে প্রবেশ রাস্তায় ঝাউ-জঙ্গল তৈরি হয়েছিল। তা ছাড়া ইউক্যালিপটাস গাছগুলোর কারণে উদ্যোনের প্রদর্শনী খেতে ছায়া পড়ছিল। এসব পরিকল্পিতভাবে সাজিয়ে সৌন্দর্যবর্ধনে বাতিগুলো লাগানো হচ্ছে। এতে বিদ্যুৎ অপচয় হবে না; কারণ সব বাতি জ্বালানো হবে না।