কৃতকার্য ও অকৃতকার্য সবার মৌখিক পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১১টি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে তা আবার বাতিল করে আবেদনকারী সবাইকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে। আবার তিনটি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ না করেই আবেদনকারী সবার মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে।অভিযোগ উঠেছে, ইনস্টিটিউটের কর্মকর্তাদের পছন্দের প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় এ অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রোববার ইনস্টিটিউটের ১৪টি পদের নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। ওই দিনই ১১টি পদের বিপরীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নাম প্রকাশ করা হয়। পরদিন সোমবার থেকে তাঁদের মৌখিক পরীক্ষা নেওয়ার কথা। কিন্তু এদিন মৌখিক পরীক্ষা শুরু করে আবার স্থগিত করা হয়।নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার ১১টি পদের মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হয়। এই পদে লিখিত পরীক্ষায় ২০ জন উত্তীর্ণ হন। তাঁদের মৌখিক পরীক্ষা চলাকালে বেলা দেড়টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন ১৫-২০ জন লোক নিয়ে সেখানে উপস্থিত হয়ে অস্থায়ী ভিত্তিতে কর্মরত এবং অপর কয়েকজন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় না ডাকার জন্য ক্ষোভ প্রকাশ করেন। মৌখিক পরীক্ষা স্থগিতের জন্য তিনি পরিচালকের ওপর চাপ দেন।সূত্র জানয়, এ ছাড়া ইনস্টিটিউটের বেশ কয়েকজন কর্মকর্তার নিজস্ব কিছু প্রার্থী রয়েছেন। তাঁরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। মৌখিক পরীক্ষায় তাঁদের না ডাকায় ইনস্টিটিউটের কর্মকর্তারাও ক্ষুব্ধ। এ অবস্থায় কাউন্সিলর আনোয়ার ও ইনস্টিটিউটের কর্মকর্তাদের চাপের মুখে বুধবার (আজ) লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে।মঙ্গলবার এমএলএসএস, গবেষণা কর্মকর্তা ও সহকারী গবেষণা কর্মকর্তা—এই তিনটি পদের লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করার কথা ছিল। কিন্তু তা না করেই সরাসরি মৌখিক পরীক্ষা নেওয়া হয়। আগের দিন এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি ইনস্টিটিউটের বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়।মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা হতাশ। তাঁরা বলেন, কর্মকর্তারা তাঁদের আত্মীয়কে চাকরিতে ঢোকানোর জন্য লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করেছেন।এই প্রতিবেদক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ও নিয়োগ কমিটির আহ্বায়ক আবদুল হামিদ মিঞার সঙ্গে দেখা করতে চাইলে মৌখিক পরীক্ষা চলছে বলে তাঁকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, এখানে কারও কোনো স্বজন নেই। পরীক্ষা কমিটি সিদ্ধান্ত নিয়ে লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করেছে।খোঁজ নিয়ে জানা গেছে, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবদুল হামিদ মিঞার মেয়েও আবেদন করেছেন। সন্তানের আবেদন সত্ত্বেও নিয়োগ কমিটিতে কেন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মেয়ে কি দেশের নাগরিক নয়?’এ ব্যাপারে কাউন্সিলর আনোয়ারুল আমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।