অ্যাম্বুলেন্স, ভ্রাম্যমাণ হাসপাতাল, শিক্ষার্থী বহনকারী বাসসহ কয়েক শ যানবাহন নিয়ে মোটর শোভাযাত্রা করে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বগুড়ার বেসরকারি সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)।
টিএমএসএসের নিয়ন্ত্রণাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ শিক্ষা কার্যক্রম নতুনভাবে পরিচালনার অনুমতি পাওয়ায় গতকাল বুধবার সংস্থার প্রধান কার্যালয় ঠেঙ্গামারা থেকে এই মোটর শোভাযাত্রা বের করা হয়। কয়েক শ যানবাহন ঘণ্টাব্যাপী শহরে দাপিয়ে বেড়ায়। শহরের ব্যস্ততম সাতমাথাকেন্দ্রিক সব কটি সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।
প্রত্যক্ষদর্শী ২০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকার টিএমএসএসের প্রধান কার্যালয় চত্বর থেকে মোটর শোভাযাত্রাটি বের করা হয়। এতে টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম ছাড়াও সংস্থাটির নিয়ন্ত্রণাধীন সব প্রতিষ্ঠানের প্রধানসহ শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। শোভাযাত্রার সামনে ছিল দুই শতাধিক মোটরসাইকেল। এ ছাড়া শোভাযাত্রায় ছিল টিএমএসএসের পরিচালনাধীন স্কুল-কলেজের শিক্ষার্থী ও কর্মী পরিবহনের বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক, কাভার্ড ভ্যান, ময়লা বহনকারী গার্বেজ ট্রাকসহ কয়েক শ যানবাহন।
১০-১২ জন পথচারী অভিযোগ করেন, ৪০০-৫০০ যানবাহনের এই বহর সংস্থার প্রধান কার্যালয় থেকে মাটিডালি সড়ক হয়ে শহরের ব্যস্ততম সাতমাথায় আসে। শহরের ব্যস্ততম সড়কে এতগুলো যানবাহন একসঙ্গে প্রবেশ করায় সাতমাথা ছাড়াও থানা মোড়, বড়গোলা, দত্তবাড়ি, শেরপুর সড়ক, স্টেশন সড়ক, পার্ক রোডসহ বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বগুড়া শহরের ট্রাফিক পুলিশের টিআই (টাউন অ্যান্ড ট্রাফিক) বিকর্ণ কুমার চৌধুরী বলেন, শোভাযাত্রার জন্য আগে থেকে কেউ পুলিশের অনুমতি নেয়নি। শোভাযাত্রার কারণে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হয়। আয়োজকেরা শোভাযাত্রা নিয়ে বনানী মোড়ের দিকে যেতে চাইলেও তাদের স্টেশন সড়ক হয়ে তিনমাথার দিকে ফিরিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে টিএমএসএসের গণসংযোগ বিভাগের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়ার একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম নতুনভাবে চালুর অনুমোদন দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে পুণ্ড্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এইচ এম শাহজাহান, ভাইস চেয়ারম্যান ও টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ-উপাচার্য আবদুল হাই চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক আনসার আলী তালুকদার প্রমুখ অংশ নেন।
শোভাযাত্রাটি রংপুর রোডের গোকুল থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আজিজুল হক কলেজ, রেলগেট, চারমাথা, বারপুর, মাটিডালি বিমান মোড়, বাঘোপাড়া, মহাস্থান, মোকামতলা হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসে।