কৃতিত্ব নিয়ে মুখোমুখি দুই সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকঢোল পিটিয়ে গত ২৪ মার্চ জয়পুরহাটের কালাই উপজেলার নুনুজবাজার-বাসুড়া-মালটিয়া সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপিদলীয় সাংসদ গোলাম মোস্তফা। এক সপ্তাহের মাথায় গত ৩১ মার্চ আবারও একই কাজের উদ্বোধন করেন সংরক্ষিত আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ শাহিন মনোয়ারা হক। রাস্তাটি পাকাকরণে উভয় সাংসদ নিজের কৃতিত্ব দাবি করছেন। কালাই উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, উপজেলার নুনুজ-বাসুড়া-মালটিয়া সড়কের দুই দশমিক দুই কিলোমিটার পাকাকরণ কাজে চলতি অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে প্রায় ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দরপত্রে অংশ নিয়ে কাজ পেয়েছে মেসার্স জিয়া এন্টারপ্রাইজ। এলাকাবাসী জানায়, প্রায় আড়াই মাস আগে ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ শুরু করেছে। কিন্তু এক সপ্তাহে হঠাৎ করেই সড়কটি পাকাকারণ কাজের উদ্বোধন করা নিয়ে দুই সাংসদ রীতিমতো প্রতিযোগিতায় নেমে পড়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ সাংসদ গোলাম মোস্তফা সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন। স্থানীয় উদয়পুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ দাবি করেন, ওই সড়কসহ এলাকার আরও দুটি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করতে সাংসদের আগমনের কথা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে মাইকে প্রচার চালানো হয়েছিল। সাংসদ ওই সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন ছাড়াও একই দিন মোসলেমগঞ্জ-ছত্রগ্রাম এবং পুনট-শান্তিনগর-মোসলেমগঞ্জ সড়ক (মাহফুজার রহমান মন্টু সড়ক) দুটিরও পাকাকরণ কাজের উদ্বোন করেন। এর মধ্যে দ্বিতীয় সড়কের ভিত্তিফলক উন্মোচন এবং অন্য সড়কে ফিতা কেটে কাজের উদ্বোধন ঘোষণা করা হয়। এর প্রায় দুই মাস আগে একই সড়কের অন্য প্রান্তে পাকাকরণ ও নতুন নামকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। নুনুজবাজারের কুলিশ্রমিক সর্দার আ. আলিম বলেন, ‘দুই এমপি অ্যাসে এক আস্তার (রাস্তা) দুইবার উদ্বোধন করলেন। এডা আগে কখনো দেখিনি। উদ্বোধন করবার অ্যাসে বিএনপির এমপিও দাবি করলেন এডা তাঁর বরাদ্দের টেকাতেই হওচে আবার আওয়ামী লীগের এমপিও দাবি করলেন এডা তাঁর দেওয়া বরাদ্দের টেকাতেই হওচে। হামরায় এখন কার কথা বিশ্বাস করমো।’সাংসদ শাহিন মনোয়ারা হক দাবি করেন, নারী সাংসদের কোটায় বরাদ্দ পাওয়া অর্থ দিয়েই উপজেলার তিনটি সড়ক পাকাকরণের কাজ হচ্ছে। অন্যের সন্তান নিজের বলে দাবি করলেই যেমন তা নিজের হয় না, তেমনি অন্যের আনা বরাদ্দ নিজের বলে জাহির করলেই তা নিজের হয়ে যায় না। এলাকার সাংসদ বরাদ্দ আনা নিয়ে মিথ্যাচার করছেন।গোলাম মোস্তফা বলেন, নির্বাচনী এলাকার রাস্তাঘাট উন্নয়নে প্রত্যেক নির্বাচিত সাংসদকে ১৫ কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এ টাকা কোনো সংরক্ষিত নারী সাংসদকে দেওয়া হয়নি। আর এ বরাদ্দের টাকায় সড়ক তিনটির কাজ চলছে। অন্যের বরাদ্দ তিনি (শাহিন মনোয়ারা) নিজের বলে দাবি করে চরম মিথ্যাচার ও হীন মানসিকতার পরিচয় দিয়েছেন।