কৃতী শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সংবর্ধনা
‘ভালোর কোনো শেষ নেই, আরও ভালো করতে হবে। আজ আমরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দিনাজপুর জেলায় প্রথম হয়েছি, ভবিষ্যতে জাতীয় পর্যায়ে যেতে হবে। এ জন্য সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টা খুব প্রয়োজন।’গতকাল সোমবার সকালে দিনাজপুরের খানসামা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিনাজপুর-৪ আসনের সাংসদ আবুল হাসান মাহমুদ আলী এসব কথা বলেন।খানসামা উপজেলা আওয়ামী লীগ জেএসসি, জেডিসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য এ সংবর্ধনার আয়োজন করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুজ্জামান শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম জিয়াউল ইসলাম, দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল লতিফ মজুমদার এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু হাতেম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শফিকুল ইসলাম, তোবারক হোসেন, নুর ইসলাম, আবদুর রাজ্জাক, আহসান হাবিব প্রমুখ।অনুষ্ঠানে নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ভালো ফলের জন্য ক্রেস্ট দেওয়া হয়। জিপিএ-৫ পাওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ১০৬ জন, জেএসসির ২৭ জন ও জেডিসির একজন শিক্ষার্থীকে বই দেওয়া হয়।