কৃতী শিক্ষার্থীদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথি ও বিশিষ্টজনদের সঙ্গে ব্র্যাকের মেধাবিকাশ শিক্ষা সম্মেলেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। সাভারের বিসিডিএম সেন্টারে অনুষ্ঠিত হয় এ মিলনমেলা l প্রথম আলো
অতিথি ও বিশিষ্টজনদের সঙ্গে ব্র্যাকের মেধাবিকাশ শিক্ষা সম্মেলেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। সাভারের বিসিডিএম সেন্টারে অনুষ্ঠিত হয় এ মিলনমেলা l প্রথম আলো

ভূমিষ্ঠ হওয়ার এক মাস পরই নিরুদ্দেশ হন হ্লাউমে মারমার বাবা উনাইচিং মারমা। এর পর থেকে অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে মায়ের আদরে বেড়ে ওঠা সেই শিশুটি এখন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী। তাঁকে এই পর্যন্ত নিয়ে আসতে সহমর্মিতার হাত বাড়িয়েছে ব্র্যাক।
হ্লাউমে মারমা বান্দরবান সদর উপজেলার মধ্যম পাড়া গ্রামের মেয়ে। মা উনুপ্রু মারমার স্বাস্থ্য সহকারীর চাকরির ওপরই তাঁরা নির্ভরশীল। তাই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আর্থিক অনটনের কারণে তাঁর পড়ালেখা বন্ধ করে দিতে চেয়েছিলেন মা। কিন্তু পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিসহ এসএসসিতে জিপিএ-৫ পাওয়া মেধাবী এই শিক্ষার্থীকে সহায়তার হাত বাড়ায় ব্র্যাক।
হ্লাউমের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য প্রতি মাসে তিন হাজার টাকা বৃত্তির ব্যবস্থা করা হয় সংস্থার মেধাবিকাশ কর্মসূচি থেকে। এরপর তাঁকে আর লেখাপড়ার খরচ নিয়ে ভাবতে হয়নি। তিনি এখন বুয়েটের তড়িৎ প্রকৌশল বিষয়ের শেষ বর্ষের ছাত্রী।
হ্লাউমের মতো শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত পরিবারের তিন শতাধিক মেধাবী শিক্ষার্থীকে নিয়ে গতকাল শনিবার সকাল নয়টায় মেধাবিকাশ শিক্ষা সম্মেলন-১৫-এর আয়োজন করে ব্র্যাক। যাঁদের অনেকেই মেধাবিকাশের সহায়তায় শিক্ষাজীবন শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশ করেছেন। সাভারের ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট (বিসিডিএম) সেন্টারে আয়োজিত দিনব্যাপী ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান। স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের ভাইস চেয়ারপারসন আহমেদ মোশতাক রাজা চৌধুরী।
সম্মেলনে ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছর সারা দেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে জিপিএ-৫ পাওয়া ৫০০ অতি দরিদ্র ছাত্রছাত্রীকে ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় এই মেধাবিকাশ বৃত্তি দেওয়া হয়। ২০০৫ সালে এই কর্মসূচি চালু হওয়ার পর থেকে গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে ৩ হাজার ৫৪২ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত ২৪০ জন স্নাতক পর্যায়ের শিক্ষার্থীর মধ্যে ৮৪ জন (যাঁদের ৩৯ শতাংশ মেয়ে) তরুণ পেশাজীবী হিসেবে দেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। যাঁদের অনেকে চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও ব্যাংকার হিসেবে ইতিমধ্যে পেশাগত সাফল্য অর্জন করেছেন।
প্রধান অতিথি নজরুল ইসলাম খান বলেন, ‘ব্র্যাকের মেধাবিকাশ উদ্যোগ শুধু বৃত্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দক্ষতা উন্নয়নের একটি অনন্য কার্যক্রম। এর ফলে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হচ্ছে এবং নিজেদের সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারছে।’
সম্মেলনের বিভিন্ন অধিবেশনে ‘বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলাম, বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা, সংগীতশিল্পী তাহসান, অন্যরকম ডট কমের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান, প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান ও সাংবাদিক নাদিয়া শারমিনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।