কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ডেইলি স্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় ভালো ফল করা দেশের এক হাজার ৩৫৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইংরেজি দৈনিক ডেইলি স্টার। এর মধ্যে বিশ্বে শীর্ষ স্কোর অর্জনকারী ৬৩ শিক্ষার্থীও রয়েছে।গতকাল শনিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ‘আগামী দিনের জাতি গঠনকারীদের অভিবাদন’ শীর্ষক ওই অনুষ্ঠান। সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীদের পদক (মেডেল) ও সনদ দেওয়া হয়।সম্মাননা পাওয়া মোট শিক্ষার্থীর মধ্যে ২০১০-১১ শিক্ষাবর্ষের ‘ও’ লেভেলের ৮৭০ জন এবং ‘এ’ লেভেলের ৩৫৫ জন শিক্ষার্থী রয়েছে। এর বাইরে বেসরকারি প্রার্থী হিসেবে ‘ও’ লেভেলের ৫৩ জন এবং ‘এ’ লেভেলের ৪৬ জন শিক্ষার্থীও রয়েছে। অনুষ্ঠানে ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান শিক্ষার্থীদের হাতে পদক ও সনদ তুলে দেন। এ সময় তিনি বলেন, এখন প্রায় সব শিক্ষার্থীই প্রকৌশলী ও চিকিৎসক হতে চায়। কিন্তু প্রায় কেউই সরকারি চাকুরে (সিভিল সার্ভেন্ট) বা রাজনীতিবিদ হতে চায় না। এটা বড় ধরনের বৈপরীত্য বলে উল্লেখ করে তিনি বলেন, আগের প্রজন্মের শিক্ষার্থীদের অনেকেই সরকারি চাকুরে বা রাজনীতিবিদ হতে চাইত।ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম বলেন, ‘এ দেশের মানুষের প্রতি আত্মা ও মন থাকলে তোমরাও আগামী দিনের জাতি গঠনকারী হতে পারবে।’ তিনি শিক্ষার্থী, তাদের শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট উইনিংটন গিবসন, ব্র্যাক ব্যাংকের করপোরেট শাখার প্রধান মাহমুদুন নবী চৌধুরী, এডেক্সেল ইউকের পরিচালক ইসাবেল সাটক্লিফ, মোনাশ ইউনিভার্সিটির পরিচালক জান ক্লোহসে। অনুষ্ঠান সঞ্চালনা করেন এলিটা করিম। অনুষ্ঠানে বর্তমান সময়ের তারকা ক্রিকেটার তামিম ইকবাল উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সহায়তা করে ব্র্যাক ব্যাংক, এডেক্সেল ইন্টারন্যাশনাল ও মোনাশ ইউনিভার্সিটি । মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল আই। ডেইলি স্টার ১৯৯৯ সাল থেকে এ সংবর্ধনা দিয়ে আসছে।