কৃতীদের আলোয় আলোকিত হবে দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া সুনামগঞ্জের সংবর্ধিত শিক্ষার্থীদের একাংশ ষ ছবি: প্রথম আলো
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া সুনামগঞ্জের সংবর্ধিত শিক্ষার্থীদের একাংশ ষ ছবি: প্রথম আলো

বাংলাদেশ অনন্ত সম্ভাবনার দেশ। গর্ব করার মতো অনেক অর্জন রয়েছে আমাদের। আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ দেশ অর্জন করেছি। আজকের মেধাবীরাই সব সম্ভাবনাকে কাজে লাগিয়ে আলোকিত বাংলাদেশ গড়বে। এ জন্য চিন্তা-চেতনায় সব সময় প্রিয় মাতৃভূমিকে লালন করতে হবে।সুনামগঞ্জে প্রথম আলো ও টেলিটক আয়োজিত ২০১৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় বক্তারা এসব কথা বলেছেন। অনুষ্ঠানে কখনো মাদক না নেওয়ার অঙ্গীকার করে মেধাবী শিক্ষার্থীরা। একই সঙ্গে মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলে তারা। সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে গতকাল বুধবার এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বন্ধুসভার সদসদের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহায়তা করেন বন্ধুসভার সদস্যরা। অনুষ্ঠানে জেলার ১৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জে টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূর নবী, সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহীম, ছাতক বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঈনুল হুসেন চৌধুরী, সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের শিক্ষক ফারুক আহমদ, টেলিটকের জুনিয়র কর্মকর্তা মো. ফারুক হোসেন, বন্ধুসভার উপদেষ্টা এনাম আহমদ, অভিভাবক মোহামঞ্চদ আলী, শিক্ষার্থী নাহিদা সুলতানা, সুমন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে জেলার সেরা তিন শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়, সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয় ও ছাতক বহুমুখী উচ্চবিদ্যালয়কে ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে আলোচনা ছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত ও নৃত্য এবং শিক্ষামূলক কুইজ ও লটারির আয়োজন ছিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী ও সদস্য রাকিবা ইসলাম। শিক্ষাবিদ পরিমল কান্তি দে শিক্ষার্থীদের মাদক ও দুর্নীতি থেকে মুক্ত থাকার শপথ করান। তিনি বলেন, ‘দেখে শুনে বন্ধুত্ব করতে হবে। সব সময় ভালোর সঙ্গে থাকতে হবে। আমরা তোমাদের সাফল্যে যেমন আনন্দিত, তেমনি নানা কারণে উদ্বিগ্ন। আমাদের বিশ্বাস, তোমরা কখনো মাদক নেবে না, দুর্নীতি করবে না।’ প্রথম আলোর বিভিন্ন সামাজিক কাজের প্রশংসা করে সৈয়দ মহিবুল ইসলাম বলেন, ‘তোমাদের দিকে দেশ তাকিয়ে আছে। তোমরাই সুন্দর আগামী গড়বে।’ অধ্যক্ষ নূর নবী বলেন, ‘এই সাফল্যই শেষ নয়, এটাকে শুরু মনে করতে হবে। পরিশ্রম আরও বাড়াতে হবে। সময় নষ্ট করা যাবে না।’ টেলিটকের কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, ‘প্রথম আলোর এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত। সবাই মিলে বেশি বেশি করে ভালো কাজ করলেই দেশ এগিয়ে যাবে।’ শিক্ষার্থী নাহিদা সুলতানা বলে, ‘প্রথম আলো এই অনুষ্ঠানের মাধ্যমে কেবল আমাদের নয়, আমাদের মা-বাবা ও শিক্ষকদেরও সমঞ্চান দিচ্ছে। গুরুজনদের কথা শুনে মনে হচ্ছে, সৎ ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। আজকের দিনটির কথা জীবনভর মনে থাকবে।’ আরেক শিক্ষার্থী সুমন মিয়া বলে, ‘সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা দেওয়ার জন্য প্রথম আলোকে ধন্যবাদ। আমরা আগামীতেও ভালো করব, এই শপথ নিচ্ছি।’

আজ ২২ আগস্ট বৃহস্পতিবার

নীলফামারী

স্থান: শিল্পকলা একাডেমী

সময়: সকাল ১০টা

পিরোজপুর

স্থান: শিল্পকলা একাডেমী

সময়: সকাল ১০টা

কাল ২৩ আগস্ট শুক্রবার

রাজশাহী

স্থান: শহীদ জিয়া পার্ক, ছোট বনগ্রাম

সময়: সকাল ১০টা

কুমিল্লা

স্থান: জেলা শিল্পকলা একাডেমী

সময়: সকাল ১০টা

দিনাজপুর

স্থান: জিলা স্কুল মিলনায়তন

সময়: সকাল ১০টা