কৃতীদের কর্মের স্বীকৃতি দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ‘সমাজের কৃতী ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের কর্তব্য। কিন্তু আমাদের রাষ্ট্র দুর্বৃত্ত ও অসৎ ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা দেয়। সমাজের উন্নতির জন্য নাগরিক সমাজকেই কৃতী ব্যক্তিদের কর্মের স্বীকৃতি দিতে হবে।’

গতকাল সোমবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় সৈয়দ মেহেদী হাসান স্মৃতি চিত্রাঙ্কন ও সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন। কুসুমপুর উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংবাদিক সৈয়দ মেহেদী হাসান কাওসার স্মৃতি পরিষদ, কুসুমপুর চাঁদের হাট ও মাসিক বিক্রমপুর-এর উদ্যোগে এবং টাচিং সোলস্ ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় গুণীজনদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সমাজের উন্নয়নে অবদান রাখার জন্য বিভিন্ন শাখায় ১২ জন গুণীকে সম্মাননা দেওয়া হয়। এদের মধ্যে ছয়জনকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন কানাই চক্রবর্তী, সৈয়দ মোজাম্মেল হোসেন, বি এম রহমান, আবদুর রহমান, আবদুল খালেক চৌধুরী ও সৈয়দ মেহেদী হাসান কাওসার। এ ছাড়া আলী ইমাম, সৈয়দ সাইফুল ইসলাম, নোওয়াব আলী দেওয়ান, আবদুল ওয়াদুদ, সৈয়দ ফারদিন ইসলাম ও মুজিবুর রহমানকে সম্মাননা দেওয়া হয়েছে।

গত মাসে একই সংগঠনের পক্ষ থেকে গুণীজন সম্মাননা দেওয়া হলেও সৈয়দ আবুল মকসুদ উপস্থিত থাকতে পারেননি।