কৃতীদের দুঃখগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃখ-কষ্টের সংসারে পড়াশোনার আলাদা কোনো মূল্য ছিল না। তবু একাগ্রচিত্তে তারা পড়েছে। আবার সংসার চালাতে কাজও করেছে। এই করেই এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ওরা। মাইলকে মাইল হেঁটে পরীক্ষা দিয়েছে মনিরা: ছোট্ট একটি কুঁড়েঘর। আলো-বাতাস ঢোকে না বললেই চলে। ঘরে ঢুকলেই দম বন্ধ হয়ে আসতে চায়। সেই ঘরেই থাকে ছয়টি মানুষ। ঘরের দেয়াল ঘেঁষে ছোট একটি কাঠের চৌকি। সেখানে বাবা-মা থাকেন, আর নিচে মাটিতে থাকে ভাইবোনেরা। এ ঘরেই জন্ম-পড়াশোনা মনিরা খাতুনের। বাবা মনির হোসেন কখনো রিকশা চালান, কখনো দিনমজুরির কাজ করেন। যেদিন কাজে যেতে পারেন না, সেদিন পুরো পরিবার উপোস কাটায়। সন্তানদের লেখাপড়ার খরচ জোগানো, জামা-কাপড় কিনে দেওয়ার সাধ্য ছিল না তাঁর। তাঁর মেয়ে মনিরা এবার রংপুরের বদরগঞ্জ উপজেলার চৌধুরীপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে সব কটি বিষয়ে জিপিএ-৫ পেয়েছে।জানা গেছে, বদরগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে ঘৃণাই গাছুয়াপাড়া গ্রামে মনিরাদের বাড়ি। যোগাযোগব্যবস্থা নাজুক। টাকার অভাবে এত দূরের রাস্তা হেঁটে উপজেলা সদরে পরীক্ষাকেন্দ্রে যেত মনিরা। তার বাবা তখন সিলেটে রিকশা চালাতেন।বাঘাইছড়ির একমাত্র কৃতী কাদের: বাবা কাঠমিস্ত্রি। বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন। সেও লেখাপড়ার ফাঁকে ফাঁকে বাবাকে সাহায্য করত। বাবার রোজগারের টাকায় সংসার চলে না। লেখাপড়ার খরচ দিতে না পারায় অষ্টম শ্রেণীতে পড়া বন্ধ হয়ে যায় মো. আবদুল কাদেরের। কান্নাকাটির পর বাবা ধার করে স্কুলের বেতন, কাগজ-কলম কিনে দেন। আবার স্কুলে যাওয়া শুরু করে সে। আবদুল কাদের রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। সে বাঘাইছড়ি উপজেলা থেকে একমাত্র জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী।উপজেলার কাচালং বাজার এলাকায় অন্যের বাড়িতে থাকে কাদেররা। ম্যাজিস্ট্রেট হওয়ার ইচ্ছা তার। বাবা বাদশা মিয়া জানান, তাঁর তিন মেয়ে ও দুই ছেলে। মাস শেষে হাজার দুয়েক টাকা পান। তা দিয়ে কোনো রকমে সংসার চলে। কাদের পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।গার্মেন্টসে কাজ করছে নজরুল: নজরুল ইসলামের বাবা দিনমজুর। এসএসসি পরীক্ষার দুই-তিন দিন পর সে ঢাকায় গেছে তৈরি পোশাক কারখানায় (গার্মেন্টস) কাজ করতে। সেখানে থেকেই সে জিপিএ-৫ পাওয়ার খবর জেনেছে। তার পরও বাড়ি ফিরেনি। নজরুল লালমনিরহাটের আদিতমারী উপজেলার রামদেব গ্রামের বাশার উদ্দিনের ছেলে। নজরুলেরা দুই ভাই, পাঁচ বোন। সে সবার ছোট। উপজেলার নামুড়ী বিএল উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগে পড়ত সে। বাশার উদ্দিন বলেন, ‘ছ্যাওয়াটা মোর পরীক্ষাটা দিয়াই ঢাকাত গার্মেন্টসের চাকরিত গেইছে। চাকরি না করলে ক্যায় দিবে উয়াক কলোজত ভর্তির টাকা পাইশা, বইয়ের দাম?’নামুড়ী বিএল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এন্তাজুল হক বলেন, ‘ওর ফরম পূরণের টাকার বড় একটা অংশ আমরা স্কুলের দরিদ্র তহবিল থেকে দিয়েছি।’ আশা মা-বাবার আশা পূরণ করেছে: ‘এক মেয়ে আর দুই ছেলে নিয়ে আমরার অভাবের সংসার। চার দিকে শুধু নাই আর নাই। এক খণ্ড জমি নাই, মাথা গোঁজার ঠাঁই নাই। এর মধ্যে আশা আমরার আশা পূরণ করছে।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বললেন আশা আলমের মা স্বপ্না আলম। আশাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নতুন হাবেলি পাড়ায়। সে এবার পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিল। বাবা আলম ঠাকুর রাজমিস্ত্রির জোগালির কাজ করেন। দিন শেষে ১২০ টাকা পান। সে টাকায় স্বামী-স্ত্রী আর তিন ছেলেমেয়ের খাওয়া-পরা চলে না। আশা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে সবার নজরে কাড়ে। আশা বলে, ‘পড়াশোনার ফাঁকে ফাঁকে গৃহশিক্ষকের কাজ করেছি। সেই টাকা দিয়ে বই-খাতা, কাগজ-কলম কিনেছি।’ [প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আলতাফ হোসেন, বদরগঞ্জ (রংপুর); সাধন বিকাশ চাকমা, বাঘাইছড়ি (রাঙামাটি); আবদুর বর, লালমনিরহাট ও বদর উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)]